হামাসের সাথে আলোচনায় বসতে ইসরাইলের অস্বীকৃতি
ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার পথ রূদ্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্বনেতৃবৃন্দ। বিপুল ভোটে বিজয়ী হামাস সরকার গঠন করলে ইসরাইল কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সাথে বিরোধ নিরসনে কোনো আলোচনায় বসবে না বলে জানিয়েছে।
এদিকে দেশটি নির্বাচনের ফলাফল নিয়ে ইতিমধ্যে বিরোধে জড়িয়ে পড়েছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাত্তাহ’র শতাধিক কর্মী হামাসের বিজয়ের প্রতিবাদে গাজার রাজপথে ফাঁকা গুলি ছুড়ে বিক্ষোভ প্রদর্শন করেছে।
এছাড়া রামাল্লা’র পশ্চিম তীরে বৃহস্পতিবার হামাস এবং ফাতাহ’র কর্মীরা এক বিরোধে জড়িয়ে পড়লে গোলাগুলির ঘটনা ঘটে।
অন্তবর্তীকালীন ইসরাইলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ‘ইসরাইলের ধ্বংসকামী একটি বোমাবাজ সশস্ত্র জঙ্গি সংগঠনের সাথে কোনো অবস্থায় আলোচনায় বসা চলে না বলে মন্তব্য করেছেন । ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে একই কথার পুনরাবৃত্তি করতে শোনা যায় জর্জ বুশকে।
বুশ ইয়াসির আরাফাতকে শান্তির পথে প্রধান অন্তরায় হিসেবে অভিহিত করে মধ্যপ্রাচ্য -- শান্তি আলোচনা থেকে নিজেকে গুটয়ে নিয়েছিলেন। মাহমুদ আব্বাস ক্ষমতায় আসলে মার্কিন যুক্তরাষ্ট্র আবারো এ আলোচনায় অংশ নেয়।
এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে হামাসের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের বিষয়টি সুনিশ্চিত হয়েছে। সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, হামাস ১৩২ আসনের মধ্যে ৭৬টি আসনে জয় লাভ করেছে।
মধ্যপ্রাচ্যের সঙ্কট নিরসনে নিয়োজিত মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইইউ এবং রাশিয়া (চতুষ্টয়) হামাসকে ধ্বংসের পথ পরিহার করার আহ্বান জানায়।
প্রধানমন্ত্রী আহমেদ কুরেই পদত্যাগের ঘোষণা দেওয়ার পাশাপাশি ফাতাহ যে হামাস সরকারে অংশ নিচ্ছেন না তা জানিয়ে দিয়েছেন। তবে ফিলিস্তিনি নেতা এবং ফাতাহ দলের প্রধান মাহমুদ আব্বাস ফিলিস্তিনের সমস্যার শান্তিপূর্ণ সমাধানের প্রতি তাঁর অবস্থান পুনর্র্ব্যক্ত করেছেন।
বিশ্লেষকদের অভিমত, হামাসের জয়লাভের ফলে শান্তির জন্য আলোচনার পথ রুদ্ধ হয়ে যেতে পারে।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী টিসিপি লিভনি ফিলিস্তিন সরকারের শক্তিশালী সহযোগি দাতাগোষ্ঠী ইইউ’কে একটি জঙ্গি সরকার গঠনে বাধা দেওয়ার আহবান জানিয়েছে।
এদিকে ‘চতুষ্টয়’ বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাসকে সহিংসতার রাজনীতি পরিহার করে ইসরাইলের অস্তিত্ব স্বীকার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস, জাতিসংঘের মহাসচিব কফি আনান, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ এবং ইইউ পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জেভিয়ার সোলানা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিশনার বেনিতা ফেরেরো ওয়াল্ডনার এক জরুরি বৈঠকে মিলিত হওয়ার পর এ ঘোষণা দেন।
রাইস বলেছেন, আমরা এমন কোনো দলের সাথে আলোচনায় বসকেত রাজি নই, যারা এক পা সহিংসতার দিকে বাড়িয়ে রেখে অন্যটিকে রাজনীতির রাস্তায় বাড়িয়ে দিতে চায়।
হামাস ইসরাইলকে ধ্বংস করে দেওয়ার নীতি থেকে সরে না আসা পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র কোনো আলোচনায় বসবে না বলে জর্জ বুশ ঘোষণা দিয়েছেন।
এখনই নিরস্ত্র হওয়ার সম্ভাবনার কথা উড়িয়ে দিয়ে হামাসের যুগ্ম প্রতিষ্ঠাতা মাহমুদ যহর বলেছেন, আমরা কোনো সহিংসতা বা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত নই। হামাস নির্বাচনে তাদেরই অগ্রাধিকার ভিত্তিতে মনোনয়ন দিয়েছিলো যারা সৎ, সমাজসেবী এবং ইসরায়েলি আক্রমণ রুখতে বদ্ধ পরিকর।
যহর আরো বলেন, ইসরাইলিদের আগ্রাসন, হত্যা, গ্রেফতার এবং ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য হামাসকে পাল্টা আক্রমণ করতে হয়। এজন্য কখনো কখনো অস্ত্র ধরা জরুরি হয়ে পড়ে।
হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া বলেন, যারা বাস্তুচ্যুত, তাদেরকে প্রতিরোধ করা উচিৎ নয়। কিন্তু যারা আমাদের ভূমি দখল করে আছে, আমাদের তাদেরকে আগে প্রতিরোধ করতে হবে।
নির্বাচন কমিশন প্রধান হান্না নাসের জানান, প্রায় ৯৫ শতাংশ ভোট গণনার পর হামাসের বিজয় সুনিশ্চিত হলেও পুরো ফলাফল প্রকাশ হলে সামান্য পরিবর্তন আসতে পারে।
মাহমুদ আব্বাস এখন হামাসের সাথে সরকার গঠন এবং প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য আলোচনায় বসছেন।
নির্বাচনের পর যা হবে:
নির্বাচনের ফলাফল আগামী দুসপ্তাহের মধ্যে নিশ্চিত করা হবে। এর মধ্যে প্রার্থীরা ফলাফলের বিষয়ে আপত্তি জানাতে পারবেন।
সরকারিভাবে ফলাফল ঘোষণার পর মাহমুদ আব্বাস ফিলিস্তিনের কর্তৃপক্ষের প্রেসিডেন্ট হিসেবে পরবর্তী সরকার গঠনের জন্য বিজয়ী দলকে আমন্ত্রণ জানাবেন।
নতুন ফিলিস্তিন সংসদ আগামী মার্চ থেকে ৪ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবে।
মাহমুদ আব্বাস গত বছর ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি এখনো তার দায়িত্ব পালন করবেন। তবে তিনি ঘোষণা দিয়েছেন, শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে না পারলে তিনি পদত্যাগ করবেন।
