যুক্তরাষ্ট্র প্রশাসন ক্যাটরিনার পূর্বাভাসকে অগ্রাহ্য করেছিল
গত আগস্টে নিউ অরলিন্সের উপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ক্যাটরিনার পূর্ববর্তী আভাস সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল হওয়া সত্ত্বেও সেই সতর্ক বার্তাকে মার্কিন প্রশাসন অগ্রাহ্য করেছে বলে ডেমোক্রেট সিনেটর জোসেফ লিবারম্যান দাবি করেছেন।
সিনেট হোমল্যান্ড সিকিউরিটি কমিটির এক সভায় তিনি জানান, জরুরি আবহাওয়া সতর্ককারী সংস্থা ‘ফিমা’ ২৭ আগস্টের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়ে জানিয়েছিল যে, নিউ অরলিন্সের শহরগুলো জলোচ্ছাসে ভেসে যেতে পারে।
সিনেটর অভিযোগ করেন, মার্কিন প্রশাসন কেন আগে থেকে দ্রুত কোন ব্যবস্থা নেয়নি- এ সম্পর্কিত কোন ব্যাখ্যামূলক তথ্যাদি হোয়াইট হাউজ থেকে দেয়া হয়নি।
হোয়াইট হাউজের এক মুখপাত্র জানান, ক্যাটরিনা ঘূর্ণিঝড়ের ব্যাপারে তারা পুরোপুরি প্রশাসনিক সহযোগিতা করে এসেছেন।
ফিমা তাদের সতর্ক বার্তায় জানিয়েছিল, ক্যাটরিনা ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি-৪ মাত্রার এবং গতিবেগ ঘন্টায় ২৩৩ কিলোমিটার যা শহরের বিপুল ক্ষতিসাধনসহ প্রবল জলোচ্ছাসে ভাসিয়ে নিয়ে যেতে পারে।
সিনেটর একথাও বলেন যে, ক্যাটরিনার এ ভয়াবহ ধ্বংসলীলার চারদিন পর প্রেসিডেন্ট বুশ যে বক্তব্য প্রদান করেন তাতে এটা সুস্পষ্ট যে, তিনি ক্যাটরিনার পূর্বাভাস ও সতর্কবাণী সম্পর্কে কিছুই জানতেন না।
সিনেট হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সভানেত্রী রিপাবলিকান সিনেটর সুসান কলিন্সও অনুরূপ মন্তব্য করেন।
