মন্টিনিগ্রোতে ট্রেন দুর্ঘটনায় ৪১ জন নিহত
সার্বিয়া-মন্টিনিগ্রোর ছোট উপত্যকার ৩৩০ ফুট নিচে যাত্রীবাহী একটি ট্রেন পড়ে গেলে কমপক্ষে ৪১ জন নিহত এবং ১৮০ জনেরও বেশি লোক আহত হয়।
আহতদের মধ্যে ৯০ জন শিশু। তাদের বেশির ভাগই স্কি ট্রিপ শেষ করে ফিরছিল।
মন্টিনিগ্রোর ইতিহাসে এটি একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।
পডগোরিসা থেকে ১০ কিলোমিটার উত্তরে বায়োসে সোমবার রাত ৮টায় ট্রেনটি লাইনচ্যুত হয়।
মন্টিনিগ্রোর স্বরাষ্ট্রমন্ত্রী জুসুফ কালামপেরোভিক জানান, ট্রেনের ব্রেক ফেল করার ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
উত্তরাঞ্চলীয় শহর বিজিলো পোলজি থেকে ৩শ’ যাত্রী নিয়ে ট্রেনটি বন্দরনগরী বারের উদ্দেশে রওনা দেয়।
এ দুর্ঘটনার জন্য মন্টিনিগ্রো সরকার তিনদিনের শোক ঘোষণা করেছে এবং পরিবহন মন্ত্রী এ্যান্ড্রিজা লম্পার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
দুর্ঘটনাস্থলে উদ্ধার কর্মীরা হেলিকপ্টার নিয়ে মাথার উপর দিয়ে চক্কর দিলেও বৈরী আবহাওয়ার কারণে তারা জীবিতদের কাছে পৌঁছতে পারছে না।
ট্রেনযাত্রী স্ট্যানিসলাভা বুকোভিক জানান, “দুর্ঘটনার প্রচণ্ড শব্দে আমার ঘুম ভেঙ্গে যায়”।
তিনি আরও জানান, “আমি অনুভব করলাম আমার মাথায় আঘাত লেগেছে এবং আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি স্ট্রেচারে”।
অপর ট্রেন যাত্রী কারম্যান চোফু জানান, “এটা একটি মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনার সময় আমার চারপাশে অনেক মৃত এবং আহতদের দেখতে পেয়েছিলাম”।
দুর্ঘটনার খবর পেয়ে মন্টিনিগ্রোর প্রেসিডেন্ট ফিলিপ ভুজানোভিক এবং প্রধানমন্ত্রী মিলো ডুজুকানোভিক ঘটনাস্থলে ছুটে যান।
প্রেসিডেন্ট জানান, বায়োসে এটা একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। দুর্ঘটনা হ্রাস করতে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
