দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির ডাক দিলেন ওসামা বিন লাদেন
সম্প্রতি প্রকাশিত এক ভিডিও টেপে ওসামা বিন লাদেন দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির আহ্বান জানালে হোয়াইট হাউস তা প্রত্যাখ্যান করে আল কায়েদা নেতা কে খুঁজে বের করার অঙ্গীকার পুনর্ব্যাক্ত করেছে।
বার্তা সংস্থাগুলোর খবরে জানা গেছে, মুসলিম দেশগুলো থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা হলে আল কায়েদা দীর্ঘমেয়াদী যুদ্ধ বিরতি জন্য চুক্তিবদ্ধ হতে ইচ্ছুক এমন ঘোষণার প্রেক্ষিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি একে একপ্রকার চাতুরি বলে অভিহিত করেছেন।
আরবভিত্তিক টিভি চ্যানেল আল-জাজিরা টেপটি প্রচার করার পর সিআইএ এর সত্যতা স্বীকার করে নেয়।
টেপটি তে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে নতুন করে হামলা চালানোর হুমকি দেয়া হয়েছে।তবে মার্কিন কর্তৃপক্ষ এখনই জাতীয় পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা ভাবছে না।
ডিসেম্বর ২০০৪ এর পর এই প্রথম ওসামা কোন ভিডিও টেপে উপস্থিত হলেন। বিশ্লেষকরা বলছেন, সম্ভবত: ভিডিও চিত্রটি ২২ নভেম্বর ধারণ করা হয়েছিল।ঐ সময়ে প্রেসিডেন্ট বুশের আল জাজিরা টেলিভিশনের সদরদপ্তর উড়িয়ে দেয়ার পরিকল্পনা ফাঁস হয়ে গিয়েছিল।
ফক্স চ্যানেলে প্রচারিত এক সাক্ষাৎকারে ডিক চেনি এখনই কোন সিদ্ধান্তে পৌঁছনোর ব্যাপারে দ্বিমত করেছেন। আল কায়েদা যুদ্ধবিরতির জন্য চুক্তিবদ্ধ হবে বলেও তিনি মনে করেন না বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, আমাদের যে কোন মূল্যে আল কায়েদা কে ধ্বংস করতে হবে।
