২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আদভানির কাছ থেকে বিজেপির সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন রাজনাথ

ভারতের পার্লামেন্টের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিদায়ী সভাপতি লালকৃষ্ণ আদভানির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে রাজনাথ সিং সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 01:01 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

রাজনাথ সিং গত ১৫ মাসের মধ্যে বিজেপি’র তৃতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন। এর আগে ২০০৪ সালের অক্টোবরে বিজেপি’র সাবেক সভাপতি ভেঙ্কাইয়া নাইডু পদত্যাগ করেন।

পাকিস্তানের জাতির জনক কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার কারণে ভারতের রাষ্ট্রীয় সেবক সংস্থার (আরএসএস) পদত্যাগের দাবির কারণে চাপের মুখে থাকা সাবেক উপ-প্রধানমন্ত্রী আদভানি ৩১ ডিসেম্বর দলের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।

৩১ ডিসেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত বিজেপি’র জাতীয় সম্মেলন শেষে রাজনাথকে দলের নতুন সভাপতি হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়।

দলের নব-নির্বাচিত সভাপতিকে স্বাগত জানিয়ে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী রাজনাথকে একজন গতিশীল নেতা হিসেবে আখ্যায়িত করেছেন।

বাজপেয়ী সম্প্রতি নির্বাচনের রাজনীতি থেকে সরে দাঁড়াবার ঘোষণা দিয়েছেন।

উত্তর প্রদেশের একটি কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করা ৫৪ বছর বয়স্ক রাজনাথের সাংগঠনিক দক্ষতার ব্যাপক সুনাম রয়েছে।

১৯৬৯ সালে বিজেপি’র ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হয়ে  রাজনাথ সিং তার রাজনৈতিক জীবন শুরু করেন।

তিনি জয়প্রকাশ নারায়ণের আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন এবং ১৯৭৫ সালে গ্রেপ্তার হয়েছিলেন।

১৯৭৭ সালে সিং উত্তর প্রদেশ লোকসভার সদস্য নির্বাচিত হন এবং ১৯৮৩ সালে বিজেপি’র রাজ্য সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এক বছর পর তিনি বিজেপি’র রাজ্য ছাত্র সংগঠনের সভাপতি এবং ১৯৯০ সালে রাজ্য বিজেপি’র সহ-সভাপতি নির্বাচিত হন।

তিনি উত্তর প্রদেশ রাজ্য সরকারের শিক্ষা মন্ত্রী এবং রাজ্য সভার চিফ হুইপ ছিলেন। তিনি ২০০০ সালে উত্তর প্রদেশে বিজেপি সরকারের মুখ্য মন্ত্রী নির্বাচিত হন এবং এ পদে তিনি ২০০২ সাল পর্যন্ত আসীন ছিলেন।

২০০৫ সালে ঝাড়খন্ড রাজ্যে বিজেপি’র জয়ের পিছনে রাজনাথের কৃতিত্ব ব্যাপকভাবে কাজ করেছে বলে মনে করা হয়।