ইরাকে আল কায়দা নেতা জারকাবির শীর্ষ সহযোগী নিহত
ইরাকে আল কায়দা নেটওয়ার্কের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আবু আজম বাগদাদে এক হামলায় নিহত হয়েছেন। মার্কিন ও ইরাকি কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।
ইরাকের প্রধানমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি এ হত্যাকাণ্ডকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন।
তবে ইরাকের আল-কায়দা এক বিবৃতিতে বলেছে, তারা এ হত্যাকাণ্ডের ব্যাপারে নিশ্চিত নয়।
বাগদাদের একটি বহুতলবিশিষ্ট ভবনে অবস্থান নেওয়া আবু আজমকে গ্রেফতারের চেষ্টা করলে সে গুলি চালায়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে সে গুলিবিদ্ধ হয় বলে একজন মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন।
মার্কিন কর্মকর্তারা বলছেন রোববার এ ঘটনা ঘটেছে। তবে সোমবার ঘটনাটি ঘটেছে বলে ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন।
ইরাকি জাতীয় নিরাপত্তা প্রধান মাওয়াফাক আল রুবাই বলেছেন, আমরা নিশ্চিত ইরাকে আল কায়দার দ্বিতীয় নেতা আজমকে আমরা পেয়েছি এবং এই ঘটনায় আমরা আসলেই খুব আনন্দিত।
এদিকে পৃথক এক ঘটনায় বাগদাদের উত্তরে বাকুবার একটি পুলিশ রিক্রুমেন্ট সেন্টারে গত তিন দিনে সংঘটিত সবচে বড় আত্মঘাতী বোমা হামলায় ১০ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছে।
ইরান সীমান্তে পাওয়া গেছে চোখ বাঁধা, গুলিবিদ্ধ ২৬ জনের লাশ। আবু গারিব কারাগারে হাজতিদের নিয়ে যাওয়ার সময় বন্দুকধারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে দু,জন নিহত ও আট জন আহত হয়েছে।
