২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান ইস্যু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রেরণে ইইউ-এর প্রস্তাব

ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে চলমান বিতর্কের সুরাহা করতে আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের (আইএইএ) ইউরোপীয় ইউনিয়নভূক্ত সদস্য দেশগুলো ইস্যুটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেরণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব আইএইএ বোর্ড সভায় উপস্থাপন করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 09:17 AM

Updated : 26 Apr 2022, 06:08 PM

পারমাণবিক কর্মসূচির ইস্যুটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত হলে ইরানের বিরুদ্ধে কূটনৈতিক অবরোধ আরোপের সম্ভাবনা দেখা দিতে পারে। তবে রাশিয়া ও চীনের মত আইএইএ’র গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী সদস্য ইরান ইস্যু নিরাপত্তা পরিষদে প্রেরণের সিদ্ধান্তের বিরোধিতা করেছে।

পারমাণবিক কর্মসূচি প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রয়োজনীয় সহায়না না করায় তেহরানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে নিরাপত্তা পরিষদে প্রেরণের কথা আইএইএ চিন্তাভাবনা করছে বলে জানালেও তাৎক্ষণিকভাবে প্রেরণের ঘোষণা দেওয়া হয়নি।

ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরি করছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র যে অভিযোগ করেছে, তেহরান তা সরাসরি অস্বীকার করেছে। তেহরানের বক্তব্য, শান্তিপূর্ণ ও জনকল্যাণকর উদ্দেশ্য সাধনে তারা পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করার চেষ্টা করছে।

ইরানের পারমাণবিক বিতর্ক নিয়ে যে আন্তর্জাতিক সংকটের সৃষ্টি হয়েছে, আইএইএ’র খসড়া প্রস্তাবনা থেকে তা প্রমাণিত হয়।

ইউরোপীয় ইউনিয়নের তিন প্রভাবশালী সদস্য দেশ ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের প্রস্তাবিত খসড়া প্রস্তাবনায় ৩৫ সদস্যের আইএইএ বোর্ডকে ইরানের বিষয়টি জাতিসংঘ নিরাপদে পরিষদে প্রেরণের বিষয়টি বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। তবে ইইউ-৩ নির্দিষ্ট কোন তারিখ ঘোষণা করেনি।

ইরান ইস্যু নিয়ে শনিবার একটি ভোটের আয়োজনের ব্যাপারে ইউ-৩ জোর তৎপরতা চালাচ্ছে। কেননা, আইএইএ’র বোর্ড সদস্যদের দ্বারা অনুমোদিত না হলে প্রস্তাবনাটি বৈধতা পাবে না।

রাশিয়া, চীনসহ কয়েকটি সদস্য দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেবে বলে আশা করা হচ্ছে।

ইরানের বলেছে, পারমাণবিক কর্মসূচি সচল করে তেহরান পারমাণবিক অস্ত্র বিস্তার-রোধ চুক্তির (এনপিটি) নিয়ম কানুন লংঘন করেনি।

ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে হুঁশিয়ারি জানিয়ে বলেছে, পারমাণবিক ইস্যু নিরাপত্তা পরিষদে উত্থাপিত হলে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সচল করবে।