সীমান্ত বিতর্কে ভারতকে অধিকতর গুরুত্ব দিতে বলেছে চীন
সীমান্ত মতবিরোধ নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ভারতকে আহবান জানিয়ে চীন বলেছে, অধিকতর গুরুত্বের সাথে এর সমাধান হওয়া উচিত।
জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের প্রাক্কালে বুধবার চীনের প্রেসিডেন্ট হু জিনতাও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বলেছেন, উভয় দেশের উচিত জরুরিভিত্তিতে এ ইস্যুটি নিয়ে আলোচনা করা।
মনমোহন সিং চীন ভারতের বিশেষ প্রতিনিধিদের আসন্ন বৈঠকে ১৯৬২ সালের যুদ্ধের পর থেকে সৃষ্ট দু দেশের সীমান্ত বিতর্কের ব্যাপারে আলোচনার আশা প্রকাশ করলে চীনা প্রেসিডেন্ট এই কথা বলেন।
মনমোহন সিংকে উদ্ধৃত করে পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র নভতেজ সর্না বলেন, বিতর্কটির বাস্তবভিত্তিক ও যুক্তিযুক্ত সমাধান খোঁজার জন্য নতুন দিল্লি ও বেইজিংয়ের সুযোগ রয়েছে। একই সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য দ্বিগুণ করারও অহবান জানান তিনি।
পৌনে এক ঘন্টার এ আলোচনায় চীনা প্রেসিডেন্ট হু জিনতাও এবং ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং দু জনেই উল্লেখ করেন যে, সাম্প্রতিক বছরগুলোতে দু দেশের সম্পর্কে ইতিবাচক অগ্রততি এসেছে।
