২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে গাড়ি বোমায় নিহত ৮৭

ইরাকের রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত একটি এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৮৭ জন নিহত এবং ১৬০ জনেরও বেশি আহত হয়েছে। বাগদাদ পুলিশ এ খবর জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 05:35 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকায় শ্রমিকদের টার্গেট করে এ হামলা চালানো হয়। আত্মঘাতী হামলাকারীরা এই বিস্ফোরণ ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। ইরাকে গত কয়েক সপ্তাহের মধ্যে এটিই সবচে’ ভয়াবহ হামলা।

এদিকে বাগদাদের অদূরে তাজি শহরে গভীর রাতে জোরপূর্বক বাড়ি থেকে ধরে নিয়ে বন্দুকধারীরা ১৭ জনকে হত্যা করেছে।

স্থানীয় সময় সাড়ে ছ’টায় আত্মঘাতী হামলাকারীরা বাগদাদের ওরুবা স্কোয়ারে জড়ো হওয়া শ্রমিকদের ওপর এই হামলা চালায় বলে পুলিশের মুখপাত্র মাজ মুসা আব্দেল করিম জানিয়েছেন।

কাজের সন্ধানে শ্রমিকরা সেখানে জড়ো হয়েছিল।

আহতদের মধ্যে প্রায় ১০০ জনকে আশেপাশের চারটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর পড়ে থাকা নিহতদের লাশ দেখে বোঝা যায় যে, সেখানে প্রচুর লোক জড়ো ছিল। নিহতদের সকলেই বেসামরিক নাগরিক।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বাগদাদের অদূরে তাজিতে গুলি করে কয়েকজনকে হত্যা করা হয়। হামলাকারীরা সামরিক যানে চড়ে সেখানে আসে এবং এদের প্রত্যেকের পরনে ছিল সামরিক পোশাক।

স্থানীয় পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়ালিদ আল হায়ালি বলেন, হত্যার আগে নিহতদের চোখ বেঁধে হাতকড়া পরানো হয়।

২০০৩ সালে ইরাকে মার্কিন বাহিনীর হস্তক্ষেপের পর গত মাসে বাগদাদের কাধিমিয়া জেলায় শিয়া সম্প্রদায়ের প্রায় ৯৬০ লোক নিহত হয়।