নেপালে রাজা বিরোধী সমাবেশে পুলিশের লাঠিচার্জ গিরিজা প্রাসাদ কৈরালাসহ বেশ কয়েকজন আহত
নেপালের রাজা জ্ঞানেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ চলাকালে পুলিশ সাবেক প্রধানমন্ত্রী গিরিজা প্রাসাদ কৈরালাসহ বেশ কয়েকজন সিনিয়র নেতাকে গ্রেফতার করেছে।
রোববার রাজা জ্ঞানেন্দ্রের নিষেধাজ্ঞা অমান্য করে তারা কাঠমাণ্ডুতে বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশ লাঠিচার্জ করে। এ ঘটনায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।
কাঠমাণ্ডুর সমাবেশে কৈরালাসহ কয়েকশ’ বিক্ষোভকারী গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাজা বিরোধী স্লোগান দিলে পুলিশ তাদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিচার্জে ৮৩ বছর বয়সী কৈরালা অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে কৈরালার সমর্থকরা জানিয়েছেন, গিরিজা প্রসাদ কৈরালার অবস্থা আশঙ্কামুক্ত। গত এক সপ্তাহ আগে তিনি নেপালী কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
বিক্ষোভ সমাবেশ থেকে বেশ কয়েকজন সিনিয়র নেতাসহ শতাধিক সমর্থককে গ্রেফতার করা হয়। নেপালের মাওবাদী গেরিলারা তিন দিন আগে একতরফা অস্ত্রবিরতির ঘোষণা দেওয়ার পর এ ঘটনা ঘটল।
গ্রেফতারকৃত নেতাদের মধ্যে রয়েছেন নেপাল কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য ইশওয়ার পোখরেল, বাম দেব গৌতম, নেপালি কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সুশীলা কৈরালা, সেন্ট্রাল কমিটির সদস্য রামচন্দ্র পাদোয়াল, বালদানাদূর রাই ও ইউনাইটেড লেফট ফ্রন্ট লিডার সিটি মৈনালি।
নেপালী কংগ্রেসের মুখপাত্র অর্জুন নরসিং জানান, সমাবেশ চলাকালেই তাদেরকে গ্রেফতার করা হয়।
