নিউ অরলিন্সে পুলিশের গুলিতে নিহত ৫
সামুদ্রিক ঘূর্ণিঝড় ক্যাটরিনা বিধ্বস্ত মার্কিন অঙ্গরাজ্য নিউ অরলিন্স অঙ্গরাজ্যের ইউএস শহর এলাকায় পুলিশের গুলিতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে উপদ্রুত এলাকার দূর্গত লোকদের সহায়তায় ব্যাপক ত্রাণ তৎপরতা শুরু হয়েছে।
নিউ অরলিন্সের ডেপুটি পুলিশ প্রধান ডব্লিউ ডি রিলে বলেছেন, ১৪ জন ঠিকাদার যখন পুলিশী নিরাপত্তার মধ্যে ড্যাঞ্জিগার ব্রিজ অতিক্রম করছিলেন, তখনই এ ঘটনা ঘটে।
একদল ছিনতাইকারী ঠিকাদারদের লক্ষ্য করে গুলি চালালে পুলিশিও ছিনতাইকারীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালাতে থাকে। গুলি বিনিময়ের ঘটনায় পাঁচ জন নিহত হয়। তবে ঠিকাদারদের কেউ নিহত হয়নি।
মার্কিন প্রশাসন এর আগে ঘোষণা করে যে, নিরাপত্তা কর্মীরা নিউ অরলিন্সের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। হারিকেন ক্যাটরিনা অঙ্গরাজ্যটিতে আঘাত হানার ছয়দিন পর নিরাপত্তা কর্মীরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হল।
হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী মাইকেল চারটফ বলেন, নিরাপত্তা কর্মীরা নগরীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে সক্ষম হয়েছে। ত্রাণ তৎপরতা পুরোদমে চলছে।
দূর্গত এলাকার নিরীহ মানুষের প্রাণ বাঁচাতে প্রশাসন বিলম্বে সাড়া দেয়ার কারণে ইতোমধ্যে সমালোচনার মুখোমুখি হয়েছে। তবে প্রশাসনের বিলম্বকে ত্রুটির চোখে দেখছেন না চারটফ। তার ভাষায়, হারিকেন ক্যাটরিনা যে এত ক্ষতি করতে পারবে তা কারও মাথায় ছিল না। এটা পরিকল্পনাবিদদের সকল অনুমানকেই ছাড়িয়ে গেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা সেক্রেটারি মাইকেল লিভিট বলেছেন, ক্যাটরিনার আঘাতে মৃতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে।
নিউ অরলিন্স পরিদর্শনে গিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড বলেছেন, শহরটিকে আগের অবস্থায় ফেরত আসতে কয়েক বছর সময় লেগে যেতে পারে।
নিউ অরলিন্স বিমান বন্দরে রামসফেল্ড সাংবাদিকদের বলেন, বর্তমানে নিউ অরলিন্স যে অবস্থায় আছে, তা স্বাভাবিক হতে অনেক মাস এমনকি কয়েক বছর লেগে যেতে পারে।
