দ্বিপাক্ষিক সম্পর্ক ও মাদক প্রশ্নে ওয়াশিংটনের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে ভেনিজুয়েলা
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ বলেছেন, মাদক চোরাচালান প্রতিরোধে নতুন করে সহযোগিতা বিস্তারের মাধ্যমে তার সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ ও তার কর্মকর্তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে ওয়াশিংটনের সাথে সহযোগিতাপূর্ণ কর্মকাণ্ড বাতিল করার এক সপ্তাহ পরে বামপন্থী শ্যাভেজ এ ঘোষণা দিলেন।
ভেনিজুয়েলার রাজধানী কারাকাস সফররত মার্কিন মানবাধিকার নেতা রেভারেন্ড জেসি জ্যাকসনের সাথে সোমবারের বৈঠকের পর শ্যাাভেজ সাংবাদিকদের বলেন, মার্কিন প্রেসিডেন্ট বুশ প্রশাসনের সাথে উত্তেজনা ও দূরত্ব কমাতে তার সরকার কাজ করতে চায়।
শ্যাভেজ বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা থাকা সত্ত্বেও মাদক চোরাচালান রোধে আমরা বুশ প্রশাসনের সাথে কাজ করতে ইচ্ছুক। সাংবাদিকদের সাথে কথা বলার সময় জ্যাকসন শ্যাভেজের পাশে বসে ছিলেন।
শ্যাভেজ বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক আর নষ্ট করার কোন ইচ্ছা আমাদের নেই। তার পরিবর্তে রাজনীতি ও অর্থনীতিতে আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চাই।
শ্যাভেজ সরকার ক্ষমতায় আসার পর থেকেই দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অবনতি ঘটতে থাকে। বিভিন্ন সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র ও ওয়াশিংটনের অন্যতম শত্রু দেশ কিউবার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনই এর অন্যতম কারণ।
ওয়াশিংটন শ্যাভেজকে দক্ষিণ আমেরিকা অঞ্চলে ওয়াশিংটনের পথে বাধা হিসেবেই মনে করে।
ওয়াশিংটন শ্যাভেজকে হত্যা করার পরিকল্পনা করছে বলে তিনি প্রায়ই অভিযোগ করেন। উপরন্তু, আগস্টের মাঝামাঝিতে মার্কিন কনজারভেটিভ রাজনীতিবিদ প্যাট রবার্টসন শাভেজকে হত্যা করার পরামর্শ বুশ প্রশাসনকে দেন। অবশ্য পরে রবার্টসন তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এবং হোয়াইট হাউজ তার মন্তব্যকে অযৌক্তিক বলে আখ্যায়িত করেছে।
বৈঠকের পর জ্যাকসন সাংবাদিকদের বলেন, বৈরিতার মধ্যেই আতাঁতের ব্যাপারটি আমাদের বৈঠকে আলোচিত হয়েছে।
