২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে রয়টার্সের সাউন্ডম্যান নিহত, অভিযুক্ত মার্কিন বাহিনীকে

রয়টার্স টেলিভিশনের সাউন্ডম্যান সোমবার বাগদাদে গুলিতে নিহত এবং একজন ক্যামেরাম্যান আহত হয়েছে। তাদের হত্যার ব্যাপারে মার্কিন বাহিনীকে অভিযুক্ত করেছে ইরাকি পুলিশ বাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 01:21 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

ইরাকি পুলিশ বলছে, মার্কিন বাহিনী ওই দু’জনকে গুলি করে। তারা দুজনই ইরাকি।

গুলিবিদ্ধ ক্যামেনরাম্যানকে মার্কিন বাহিনী এখনও আটকে রেখে জিজ্ঞাসাবাদ করছে।

মার্কিন সামরিক মুখপাত্র বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞেসাবাদে অসামঞ্জস্যতা থাকায় তাকে আরও জিজ্ঞেসাবাদের জন্য আটক রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিমের হে আল আদিল জেলায় কর্তব্য পালনকালে ৩৫ বছর বয়স্ক ওয়ালিদ খালেদের মুখে একটি ও বুকে কমপক্ষে চারটি গুলি লাগে। অপরদিকে ২৪ বছর বয়স্ক ক্যামেরাম্যান খাদেম পিঠে গুলিবিদ্ধ হন।

রয়টার্স নিউজ এজেন্সির ওই দলটি হে আল আদিলে দু’জন পুলিশ নিহতের ওপর রিপোর্ট করার কাজে নিয়োজিত ছিল বলে অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

মর্মান্তিক এই ঘটনায় দুঃখ প্রকাশ করে সুষ্ঠু তদন্তের দাবি জানান রয়টার্সের গ্লোবাল ম্যানেজিং এডিটর ডেভিড শ্লেসিনজার।

প্যারিস ভিত্তিক রিপোটার্স উইদাউট বর্ডার-এর পক্ষ থেকে বলা হয়, ২০০৩ সালে মার্কিন হস্তক্ষেপের পর ইরাকে ৬৬ জন সাংবাদিক নিহত হয়েছে।