২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশের ঠিকানায় যাবে পৃথিবীর দীর্ঘতম চিঠি

আজকাল চিঠি লেখা সেকেলে একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক হাজার স্কুলশিক্ষার্থীর কাছে ব্যাপারটি অতটা সেকেলে নয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 12:14 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

আর তাই তারা পৃথিবীর দীর্ঘতম চিঠি লিখতে বসেছে একবিংশ শতাব্দীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির কাছে।

মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের কাছে লেখা অর্ধমাইল লম্বা চিঠিটি সেপ্টেম্বর মাসে পাঠানো হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটনের বিভিন্ন স্কুলের আট থেকে দশ বছর বয়সী ৪,০০০ শিক্ষার্থীকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যত সম্পর্কে প্রেসিডেন্ট বুশের কাছে চিঠি লিখতে বলা হয়েছে।

তাদের লেখা চিঠি একটির সাথে অপরটি জোড়া লাগিয়ে পৃথিবীর দীর্ঘতম চিঠিটি তৈরি করা হবে। ১৫ সেপ্টেম্বর চিঠিটি রাজধানীর ন্যাশনাল মলে এক অনুষ্ঠানে উন্মোচন করা হবে। একটি কলম উৎপাদনকারী প্রতিষ্ঠান চিঠি লেখার যাবতীয় খরচ বহন করছে।

নিউইয়র্কের এক সরকারি স্কুলের শিক্ষার্থী নিকোল প্রেসিডেন্ট বুশের কাছে লিখেছে, শিক্ষক হওয়া একটি কঠিন কাজ। তুমি কি এমন একটি আইন পাস করতে পার না, যাতে শিক্ষক শুধু শিক্ষাদান করতে এবং অন্য কেউ অনুশীলনীর খাতাগুলো দেখতে পারবে?