ইরাকে অপহৃত দুই ভারতীয় ও ১১ পাকিস্তানির মুক্তি
ইরাকে অপহৃত দুই ভারতীয় ও ১১ পাকিস্তানি নাগরিক মুক্তি পেয়েছে। চলতি মাসের প্রথম দিকে ইরাকি গেরিলারা তাদের অপহরণ করে।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র নাইম খান বলেন, আমি নিশ্চিত যে, ইরাকে অপহৃত ১১ পাকিস্তানি নাগরিকের সাথে দুই ভারতীয় এবং তিন মিশরীয় নাগরিকও মুক্তি পেয়েছে।
কুয়েতি কোম্পানি এমএমএন হামরাই পাকিস্তানি সকল নাগরিকের মুক্তির খবরটি নিশ্চিত করেছে। মুক্তিপ্রাপ্তরা বর্তমানে বসরায় রয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যেই তাদেরকে কুয়েতের কাছে হস্তান্তর করা হবে।
পাকিস্তান, ভারত ও মিশরের ১৬ জন নাগরিক ১৩ আগস্ট কর্মস্থলে যাওয়ার পর নিখোঁজ হন।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, অপহৃত হওয়ার পর থেকেই পাকিস্তান কর্তৃপক্ষ কুয়েতি কোম্পানি ও ইরাক সরকারের কাছে তাদের মুক্তি নিয়ে জোর তৎপরতা চালায়।
