২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামের সাবেক ডেপুটি তারিক আজিজের সাথে পরিবারের সাক্ষাৎ

ইরাকের সাবেক উপ-প্রধানমন্ত্রী তারিক আজিজের পরিবারের সদস্যরা প্রথমবারের মত কারাগারে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2005, 11:05 AM

Updated : 26 Apr 2022, 06:01 PM

সাদ্দাম হোসেনের সাবেক সহযোগীদের মধ্যে আজিজই প্রথম নিজ পরিবারের সদস্যদের সাথে দেখা করার সুযোগ পেলেন। প্রতিবেশী দেশ জর্ডান থেকে আগত আজিজ কন্যা জয়নব বলেন, তার বাবার ওজন কমেছে এবং তিনি আগের চে’ বুড়িয়ে গেছেন। জেলখানায় তার প্রতি আচরণ সম্পর্কে আজিজ কিছু বলেননি বলে তার কন্যা জানান।

সাদ্দাম হোসেনের শাসনকালে তারিক আজিজ ছিলেন মার্কিনীদের মোষ্ট ওয়ান্টেড তালিকার ২৫ তম।

২০০৩ সালে বন্দী হবার পর থেকে সাদ্দাম হোসেনের অন্যান্য শীর্ষ সহযোগীর সাথে একটি গোপন স্থানে তিনি বন্দী রয়েছেন। তারিক অজিজকে ঠিক কোথায় রাখা হয়েছে তা তার কন্যা জয়নব বলতে পারেননি। জয়নব, তার মা, ফুপু এবং আরেক বোনকে কালোগ্লাসের বাসে করে সেখানে নিয়ে যাওয়া হয় বলে তিনি জানান।

আজিজের বিরুদ্ধে এখনও নির্দিষ্ট কোনও অভিযোগ আনা হয়নি। আসন্ন বিচারে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য তাকে উৎসাহিত করা হয়েছে বলে তার আইনজীবি জানান।