২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেখা মাত্র গুলি’ করার নীতি পর্যালোচনা করছে ব্রিটেন পুলিশ

পুলিশকে দেওয়া ‘দেখা মাত্র গুলি’ করার নির্দেশ প্রথমবার ব্যবহার করতে গিয়ে চাপের মুখে লন্ডন পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2005, 10:41 AM

Updated : 26 Apr 2022, 06:00 PM

এক নিরপরাধ ব্রাজিলীয় নাগরিককে হত্যার পর লন্ডন পুলিশ নির্দেশটি পর্যালোচনা করে দেখছে। একটি ব্রিটিশ দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষের প্রধান এ কথা জানিয়েছেন।

মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ (এমপিএ) চেয়ারম্যান লিন ডুভাল দ্য ইন্ডিপেনডেন্ট পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, অব্যাহত চাপের কারণে মারাত্মক এ নীতির বিরুদ্ধে তদন্ত পরিচালনার দাবি বৃদ্ধি পাওয়ায় ‘দেখা মাত্র গুলি’ করার পুলিশি নির্দেশটির ব্যাপারটি পর্যালোচনা করা হচ্ছে।

লন্ডনের ২১ জুলাইয়ের বোমা হামলার অব্যবহিত পরে পুলিশের গুলিতে ব্রাজিলীয় নাগরিক জ্যঁ চার্লস ডি মেনেজেস নিহত হওয়ার প্রেক্ষিতে মেট্রোপলিটন পুলিশ প্রধান স্যার ইয়ান ব্লেয়ারের পদত্যাগের চাপ যখন বাড়ছে, ঠিক তখনই লিন ডুভাল এ মন্তব্য করেন।

ডুভাল বলেন, তদন্ত পরিচালনার ব্যাপারে চাপ বৃদ্ধি পাচ্ছে। পুলিশি নীতির বিরুদ্ধে পর্যালোচনা করার ব্যাপারে আমার পক্ষ থেকে কোন অভিযোগ নেই। এ নীতির পিছনে জনগণের নিশ্চয়তা থাকলে ভবিষ্যতে পুলিশি অভিযান পরিচালনাকালে তা একটি ভাল ব্যাপার হবে।

তিনি বলেন, এমপিএ উত্থাপিত বিভিন্ন ইস্যু নিয়ে পর্যালোচনা শুরু করেছে। মেট্রোপলিটন পুলিশও তাদের মত করে পর্যালোচনা করছে। আর তদন্ত কমিটি গঠন করার বিষয়টি পুরোপুরি সরকারের ব্যাপার।

দ্য গার্ডিয়ান পত্রিকা জানিয়েছে, অ্যাসোসিয়েশন অব চিফ পুলিশ অফিসার্স অভ্যন্তরীণ পর্যালোচনা পরিচালনা করছে। তারা নিরপরাধ মানুষের প্রাণহানির ঝুঁকি কমিয়ে ‘দেখা মাত্র গুলি’ করার নীতি সচল রাখতে চান।

লন্ডনের স্টকওয়েল পাতাল স্টেশনে ২২ জুলাই পুলিশ সন্ত্রাসী মনে করে ব্রাজিলীয় নাগরিক মেনেজেসকে গুলি করে হত্যা করে।