বস্ত্রশিল্পের চলমান সংকট কাটাতে চীন ও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু
বস্ত্রশিল্পের চলমান সংকট কাটাতে চীন ও যুক্তরাষ্ট্র সান ফ্রান্সিসকোতে দু’দিনের এক বৈঠকে মিলিত হয়েছেন। মঙ্গলবার থেকে দু’দেশের মধ্যে এ আলোচনা শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর জানায়, গত মে মাসে বস্ত্র শিল্পের সাত ধরণের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা আরোপ করেছিলো মূলত সে বিষয়টি আলোচনায় প্রাধান্য পাচ্ছে। যুক্তরাষ্ট্রের সাথে বস্ত্রশিল্পের চলমান সংকট নিরসনে চীন সরকার একটি চুক্তিতে স্বাক্ষর করতে পারেন। কিন্তু বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দ’ুদেশের বৈঠক খুব বেশি ফলপ্রসূ হবে না।
সূত্র জানায়, গত জুন ও জুলাইয়ে যুক্তরাষ্ট্র ও চীন দু’দফা বৈঠকে বসলেও তারা কোন চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয়েছেন।
আলোচকরা বলছেন, বৈঠকে চুক্তি কিংবা সমঝোতা না হলেও দ’ুদেশের বৈঠকে একটি ঐকমত্য গড়ে উঠবে। যতদূর জানা গেছে, চীনের কমপক্ষে ২০টি পণ্য যুক্তরাষ্ট্রের কড়া নজরদারি ও তদন্তাধীন রয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্রের বেশ কিছু আমদানিকারক ও খুচরা বিক্রেতারা চীনের বস্ত্রশিল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করছেন। যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা জানিয়েছেন, চীন যদি রফতানি পণ্যের প্রযোজ্য সকল নিয়ম-কানুন মানতে রাজি হয় তাহলে যুক্তরাষ্ট্র বস্ত্রশিল্প খাতে বার্ষিক আমদানী বাড়িয়ে ৬শ’ কোটি মার্কিন ডলার অথাৎ মাথাপিছু ২০ ইউএস ডলারে উন্নীত করবে।
অপরদিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেশ কয়েকটি দেশ জার্মানি, সুইডেন, ডেনমার্ক ও নেদারল্যান্ড চীনের বস্ত্রশিল্পের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে ইউরোপীয় কমিশনের ওপর চাপ সৃষ্টি করছেন। ইউরোপীয় ইউনিয়নের সাথে চীনের ঐকমত্যে পৌঁছার পর ইউরোপের বাজারে ১০টি পণ্যের প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। ২০০৭ সালের মধ্যে এ খাতে প্রবৃদ্ধির হার বাড়বে ৮ দশমিক ৫ ভাগ থেকে ১২ দশমিক ৫ ভাগে।
