২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে স্পেনের হেলিকপ্টার বিধ্বস্ত: হামলা হয়েছে বলে দাবি করলেন স্প্যানিশ মন্ত্রী

প্রথমে দুর্ঘটনা বললেও ১৭ জন স্প্যানিশ সৈন্যসহ আফগানিস্তানে হেলিকপ্টার ভূপতিত হওয়ার ঘটনাকে তৃতীয় কোন পক্ষের হামলা বলেই দাবি করছেন স্প্যানিশ প্রতিরক্ষা মন্ত্রী জ্যঁ বোনো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 09:40 AM

Updated : 26 Apr 2022, 06:00 PM

হেলিকপ্টারের আঘাতপ্রাপ্ত অংশের ছবি দেখার পর তিনি এ ধরণের মন্তব্য করেন। তিনি আরও বলেন, স্থানীয় সময় সকাল ১১টা ১ মিনিটে আফগানিস্তানের হেরাত প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। অথচ সেখানে খুব সহজেই হেলিকপ্টারটি জরুরী অবতরণ করতে পারত। এ কারণেই হামলার ব্যাপার নিয়ে ভাবা হচ্ছে।

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭ জন। তারা সকলেই আফগানিস্তানে ন্যাটো পরিচালিত ৮৫০ সদস্যের স্প্যানিশ পদাতিক বাহিনীর পক্ষে ইন্টারন্যাশনাল সিকিউরিটি এসিসট্যান্ট ফোর্স (আইএসএএফ)-এর সহায়ক হিসেবে কাজ করতেন।

আরও পাঁচ স্প্যানিশ সৈন্য নিয়ে দ্বিতীয় হেলিকপ্টারটিও ক্র্যাশ ল্যান্ডিং করতে বাধ্য হয় বলে প্রতিরক্ষামন্ত্রী নিশ্চিত করেছেন।

তবে আইএসএএফ-এর কর্মকর্তা মেজর অ্যান্ডি এলমস বলেন, ভূপাতিত হেলিকপ্টার দুটি দুর্ঘটনার শিকার হয়েছে বলে মনে করলেও তারা এখনও এ ব্যাপারে নিশ্চিত হতে পারেননি।

এদিকে স্প্যানিশ সেনাদের মৃত্যুর পর ন্যাটো মহাসচিব হুপ শিফার গভীর শোক প্রকাশ করেছেন।

আফগানিস্তানে স্প্যানিশ সেনাবাহিনীর জন্য এই দুর্ঘটনাটি দ্বিতীয় সর্বোচ্চ দুর্ঘটনা। এর আগে ২০০৩ সালের মে মাসে বিমান দুর্ঘটনায় ৬২ জন স্প্যানিশ শান্তিরক্ষী সদস্য নিহত হয়েছিল।