২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে ইরানের প্রতি আইএইএ’র আহ্বান

ইরানের পারমাণবিক জ্বালানি উৎপাদন কর্মসূচি বন্ধ করার আহ্বান জানিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি (আইএইএ) বৃহস্পতিবার একটি প্রস্তাব পাস করেছে। তবে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে এখনই তা উত্থাপনের প্রয়োজন নেই বলে জানানো হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2005, 12:27 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

ইরান ইস্পাহান পারমাণবিক কারখানার কার্যক্রম নয় মাস বন্ধ রাখার পর নিষেধাজ্ঞা অমান্য করে আবার চালু করলে ৩৫ সদস্যের আইএইএ’র জরুরি সভার যুক্ত বিবৃতিতে তা বন্ধ রাখার আহ্বান জানানো হয়। তবে ইরান রাজি হলে ভবিষ্যতের আলোচনার পথ খোলা রাখা হয়েছে বলেও উল্লেখ করা হয়। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য আইএইএ বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রেরণ করবে বলে যে গুঞ্জন উঠেছিল তা স্থগিত রাখা হয়েছে।

ইরান আইএইএ’র প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তাদের ভাষায়, তেহরানের উপর চাপ সৃষ্টি করতেই প্রস্তাবটি পাস করা হয়েছে। ইরান সে চাপের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছে।

বৈঠকে আইএইএ’র প্রস্তাবের কঠোর সমালোচনা করে ইরানের প্রধান পারমাণবিক সমঝোতাকারী সাইরাস নাসেরি বলেন, এটা প্রমাণিত যে, ইরানের উপর চাপ সৃষ্টি করতেই প্রস্তাবটি পাস  করা হয়েছে। কিন্ত ইরান নতি স্বীকার করবে না। ইরান পারমাণবিক জ্বালানি উৎপাদন করবে এবং এক দশকের মধ্যে অন্য দেশে জ্বালানি সরবরাহ শুরু করবে।

ইরানের পারমাণবিক বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রেরণ না করার জন্য নাসেরি আইএইএ’র প্রতি আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, নিরাপত্তা পরিষদে যাই পাঠানো হোক না কেন, তার আইনগত কোন ভিত্তি নেই। এটি রাজনৈতিক দূরভিসন্ধিমূলক। ইরানকে নিরাপত্তা পরিষদে পাঠানোর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন চরম ভুল করবে।

আইএইএ’র প্রস্তাবে সোমবার থেকে ইরান ইস্পাহানের ইউরেনিয়াম রূপান্তরকরণ প্রকল্প সচল করায়  উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইরানের পারমাণকি কর্মসূচির সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সমাধান এখনও হয়নি। আর ইরানের বিতর্কিত কোন পারমাণবিক কর্মতৎপরতা নেই- এ বিষয়ে কোন সর্বশেষ সিদ্ধান্তে আইএইএ পৌঁছাতে যাচ্ছে না।

৩ সেপ্টেম্বরের মধ্যে ইরানের অবস্থানের ব্যাপারে প্রতিবেদন জমা দিতে আইএইএ তার প্রধান মোহাম্মদ এলবারাদির প্রতি আহ্বান জানিয়েছে।

ইরানের দাবি, বিকল্প জ্বালানি উৎপাদনের জন্য পারমাণবিক কর্মসূচি সচল করা তার প্রয়োজন। অপরদিকে পশ্চিমা বিশ্ব সন্দেহ করছে, শান্তিপূর্ণ কাজের আড়ালে ইরান পারমাণবিক বোমা তৈরীর চেষ্টা করছে।