ব্রিটিশ প্রেস অ্যাক্টে পরিবর্তন আনতে দিল্লী হাই কোর্টের নির্দেশ
ভারতের প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অব বুকস অ্যাক্ট, ১৮৬৭- এর কিছু অংশকে উপনিবেশিক মানসিকতার প্রতিফলন বলে আখ্যায়িত করে দিল্লী হাই কোর্ট সরকারকে তা পরিবর্তনের নির্দেশ দিয়েছে এবং ভারতীয় সংবিধানের আওতায় বাক প্রকাশের স্বাধীনতা ও মত প্রকাশের নিশ্চয়তার সাথে সামঞ্জস্য রেখে নতুন আইন প্রণয়ন করতে বলেছে।
হাই কোর্টের বিচারপতি মুকুল মুদগাল বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ভারতীয় সংবিধানের অন্যতম অনুচ্ছেদ ১৯(১) (এ) যখন মত প্রকাশের স্বাধীনতা ও নিশ্চয়তা দিয়েছে, সেখানে উপনিবেশ মানসিকতার পুরনো আইন বলবৎ রাখার কোনও মানে হয় না।
১৩৮ বছরের পুরনো আইনটির ৫(২) সেকশন নিয়েই কোর্টের আপত্তি। সেকশন অনুযায়ী, কোনও সংবাদপত্র প্রকাশ করতে চাইলে মুদ্রণ মালিক ও প্রকাশক অথবা তাদের একজন প্রতিনিধিকে একজন ম্যাজিস্ট্রেটের সামনে সশরীরে উপস্থিত হয়ে সংবাদপত্র প্রকাশের আগে ঘোষণা দিতে হবে এবং সংবাদপত্রে কোনও পরিবর্তন আনতে চাইলে তাও উল্লেখ করতে হবে। কোর্ট এই অংশটুকুর পরিবর্তন দাবি করেছে।
আদালতের ভাষায়, সংবাদপত্রের মুদ্রণ যন্ত্র ও প্রকাশকদের উপর সাম্রাজ্যবাদী নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য প্রণীত শতবর্ষের পুরনো আইনটির ব্যাপারে সরকারের বিবেচনা করা প্রয়োজন।
