ইরাকে আন্তর্জাতিক সহযোগিতায় চালু হয়েছে নতুন সংবাদ সংস্থা
ইরাকের সাংবাদিকদের দ্বারা প্রথমবারের মতো একটি স্বতন্ত্র সংবাদ সংস্থার কাযক্রম চালু করা হয়েছে।
আর এতে সহযোগিতা করছে রয়টার এবং জাতিসংঘ। যুদ্ববিধ্বস্ত দেশটির পেশাদার সাংবাদিকতাকে জোরদার করা, সামাজিক সংলাপের সুযোগ সুবিধা বৃদ্ধি ও গণতন্ত্র প্রসারের লক্ষ্যে নিয়েই এই সংবাদ সংস্থা শুরু। এখান থেকে তাৎক্ষনিক সংবাদ স্থানীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক মিডিয়াকে সরবরাহ করা হবে।
রয়টারের এডিটর--ইন--চীফ গেরাট লাইনবাঙ্ক বলেন, এ নতুন এজেন্সির মাধ্যমে ইরাকের সত্যিকারের উন্নয়নের লক্ষ্যে মূল ইস্যু এবং সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা উপর আলোকপাত করা হবে। স্বাধীন এবং বিশ্বাসযোগ্য এই সংবাদ সংস্থাটি ইরাক এবং সেদেশের জনগণ সম্বন্ধে বিশ্ববাসীকে সঠিক তথ্য জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
গত বছর রয়টার ফাউন্ডেশন এবং ইউএনডিপি যৌথভাবে ইরাকে একটি অনলাইন নিউজ সার্ভিস চালু করেছিল। এর মাধ্যমে ইরাকের সংবাদ প্রতিনিধিরা সেদেশের মিডিয়া এবং রয়টারের আরবি সার্ভিসে তাদের প্রতিবেদন প্রকাশের সুযোগ পায়। এই ওয়েবসাইটে প্রতি মাসে ছয় শতাধিক সংবাদ শিরোনাম প্রকাশিত হয়। রিপোর্ট তৈরিতে ৩০ জন প্রতিনিধি এবং ইরাকের তিনটি স্বাধীন দৈনিক পত্রিকার এক দল সাংবাদিক সহায়তা করে। এ সার্ভিসের বিভিন্ন সংবাদ ইরাকের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়ে থাকে।
এই সাইটে অবদান রাখা ৫০ জন ইরাকি সাংবাদিককে রয়টার ফাউন্ডেশন উচ্চতর প্রশিক্ষণের জন্য আম্মান, লন্ডন এবং কায়রোতে বিভিন্ন কর্মশালায় পাঠায়। নতুন সংবাদ সংস্থার জন্য একই ধরণের প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হবে বলে বার্তা সংস্থা জানায়। এই সংস্থার দেখভালের সাথে জড়িত ইরাকের বিভিন্ন পত্রিকার সম্পাদকদের এক বৈঠক গত মাসে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে।
