২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেটকে পাশ কাটিয়ে বোল্টনকে নিয়োগ দিলেন বুশ, বিস্তারিত

জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে শেষ পর্যন্ত বহুল আলোচিত ও বির্তকিত জন বোল্টনকেই মনোনীত করলেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 11:25 AM

Updated : 26 Apr 2022, 05:57 PM

ডেমোক্র্যাটদের দাবি ছিল, রক্ষণশীল বোল্টন এই পদের জন্য অনুপযুক্ত। সিনেট তার নিয়োগের ব্যপারে ঘোর আপত্তি জানিয়েছিল। কিন্ত হোয়াইট হাউস থেকে অনুমোদন পাওয়ার পর বোল্টন নিউইয়র্কের যুক্তরাষ্ট্র মিশনে সোমবারই কাজে যোগ দেন।

প্রেসিডেন্ট বুশ বলেন, ‘জাতিসংঘে রাষ্ট্রদূতের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা দীর্ঘদিন শূন্য রাখা যায় না। বিশেষ করে যুদ্ধ এবং জাতিসংঘ পুর্নগঠন নিয়ে যেখানে প্রচণ্ড বিতর্ক চলছে। জাতিসংঘের জটিল পুর্নগঠন কাজের জন্য বোল্টনই সঠিক লোক।’

ডেমোক্র্যাটদের দু’দুবার বাধার পরও উচ্চপদে বোল্টনকে বুশের নিয়োগ প্রদানে বেশ জটিলতা সৃষ্টি হয়েছে। এর আগে বিচারক নিয়োগ নিয়েও মতপার্থক্য দেখা দিয়েছিল এবং বুশ তার সিদ্ধান্তে অনড় ছিলেন।

বোল্টন জাতিসংঘের একজন তীব্র সমালোচক হিসেবে ইতোমধ্যে নাম কুড়িয়েছেন। কূটনৈতিক সৌন্দর্যবোধ তার মধ্যে খুব কমই কার্যকর। তার সমালোচক ভাবমূর্তি তাকে একজন আপসহীন উচ্চ মেজাজের সংরক্ষণশীল হিসেবে পরিচিতি দিয়েছে। তিনি যে কোনও ব্যাপারে বেশ সোচ্চার। সংবিধান অনুযায়ী ২০০৭ সালের জানুয়ারিতে নতুন নির্বাচিত কংগ্রেস দায়িত্বভার না নেওয়া পর্যন্ত বোল্টনের মনোনয়নের মেয়াদ অব্যাহত থাকবে।

জাতিসংঘের মহাসচিব কফি আনান বলেন, জাতিসংঘের অনেক রাষ্ট্রদূতের মধ্যে বোল্টন একজন। রাষ্ট্রদূতরা দায়িত্বে আসবেন আবার সংশ্লিষ্ট দেশ ফিরিয়ে নিয়ে যাবে এটাই স্বাভাবিক। কিন্ত রাষ্ট্রদুতদের মনে রাখতে হবে জাতিসংঘে তাদের মতো আরও ১৯০ জন রয়েছেন। কোন কিছু করতে গেলে অন্যদের মন জয় করতে হবে কিংবা অধিকাংশের সমর্থন আদায়ে সক্ষম হতে হবে।