সৌদি বাদশাহ ফাহাদ আর নেই
সৌদি বাদশাহ ফাহাদ আর নেই। সোমবার রিয়াদের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। সৌদি সরকার এ ব্যাপারে সরাসরি এখনও কিছু জানায়নি। তবে রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনের নির্ধারিত অনুষ্ঠানসূচী বাতিল করে বিরতিহীনভাবে কোরআন তেলওয়াত প্রচারের কারণে তাঁর মৃত্যু সম্পর্কে আঁচ করা গেছে। পশ্চিমা এক কূটনীতিক তার মৃত্যুর খবরটি জানিয়েছেন।
এদিকে অন্য একটি সূত্র জানায় সৌদি যুবরাজ আব্দুল্লাহকে তাঁর উত্তরসূরী ঘোষণা করা হয়েছে।
বিদেশী এক কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে রাজধানী রিয়াদের কিং ফয়সাল হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, বাদশাহ ফাহাদ মারা গেছেন। তবে তারা বিস্তারিত কোনও কিছু জানাতে রাজি হয়নি।
তবে সৌদি সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, রাজ পরিবারের একজন সদস্য সোমবার সকালে মারা গেছেন।
তিনি বলেন, সম্ভবত বাদশাহ মারা গেছেন। সবাই সরকারিভাবে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে।
বাদশাহ ফাহাদের বয়স হয়েছিল ৮৩ বছর। ২৭ মে প্রচণ্ড নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
বাদশাহ ফাহাদ ১৯৯৫ সালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে তাঁর সৎ ভাই ক্রাউন প্রিন্স আব্দুল¬াহ্ সৌদির শাসনভার পরিচালনা করে আসছেন। ফাহাদের মৃত্যুর কারণে তিনি বাদশাহ হিসেবে আবির্ভূত হবেন। প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ হবেন নতুন ক্রাউন প্রিন্স।
