বোটক্স অতিরিক্ত ঘাম প্রতিরোধ করে
অত্যাধিক শীতেও ডেভিড নোলডাকে হাফহাতা হালকা শার্ট পড়তে দেখা যায়। কারণ সব সময় তিনি অসম্ভব রকম ঘামতে থাকেন।
নোলডার মত অবস্থা অনেকের ক্ষেত্রেই দেখা যায়। কিন্তু সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে, বোটক্স শুধু কপালের ভাজটাকেই স্বাভাবিক করে না, উল্লেখযোগ্য হারে ঘামও দূরীভূত করে।
ডার্মাটোলজির অধ্যাপক ড. ডি আন্না গ্লেসারের নেতৃত্বে একদল গবেষক এ গবেষণাটি করেছেন।
বোটক্স মার্কিন সরকার অনুমোদিত বোটিউলিজম টক্সিন এর ব্রান্ড নাম। শরীরের চামড়া কুঁচকে যাওয়ার প্রতিরোধক হিসেবে ব্যবহৃত হয়।
বোটক্সের নিরাপত্তা, উপকারিতা ও মূল্য-প্রভাব ইত্যাদির উপর গবেষণায় প্রাপ্ত ফলাফল শিকাগোর আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে।
গ্লেসার বলেছেন, হাইপারহাইড্রোসিসে যারা বেশি আক্রান্ত, অন্যান্যদের চেয়ে তারা চারগুন বেশি ঘামবেন। গ্লেসার তার আগের গবেষণায় দেখিয়েছেন, প্রায় ৮০ লাখ মার্কিন নাগরিক এই অবস্থায় ভুগছেন। অতিরিক্ত ঘাম শুধু একজনকে সামাজিকভাবে লজ্জার মধ্যেই ফেলে না, দৈনন্দিন জীবনে ব্যাঘাতও ঘটায়।
গ্লেসারের বক্তব্য, যে সংবেদনশীল স্নায়ু শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তার অকার্যকারিতার কারণে এ ধরনের অবস্থার সৃষ্টি হয়ে থাকে। যারা হাইপারহাইড্রোসিসে আক্রান্ত, তাদের শরীরের স্নায়ু বেশি তাপ উৎপন্ন করে। এর ফলে অতিরিক্ত ঘাম অবধারিত হয়ে পড়ে।
সেন্ট লুইস বিশ্ববিদ্যালয়ে গ্লেসার ও তার সহকর্মীরা তিন বছর ধরে ১৯৩ জন মানুষের উপর গবেষণাটি চালিয়ে আসছেন। এ সময় অনেকের বগলের নিচে ইঞ্জেকশনের মাধ্যমে বোটক্স দেয়া হয়।
নোলডা নিজেও বোটক্স ইঞ্জেকশন নিয়েছেন। প্রথমটি কাজ করেছে সাত মাস। পরবর্তীটি কাজ করেছে ১০ মাস। ২০০৪ সালের ডিসেম্বরেও তিনি আরেকটি ইঞ্জেকশন নিয়েছেন। তার ভাষায়, এখন ঘামের কোন বালাই নেই।
বার বার চিকিৎসা নেয়ার ফলে বোটক্স সবসময় কার্যকর থাকবে।
