২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শরীরচর্চায় দীর্ঘায়ু জোটে না

নিয়মিত শরীরচর্চায় দীর্ঘায়ু জোটে বলে আমরা এতদিন ধরে যা জেনে এসেছি, তা ভুল প্রমাণিত হয়েছে। শরীর চর্চায় কখনোই দীর্ঘ জীবন লাভ সম্ভব নয়। বরং তা একজন বয়স্ক ব্যক্তিকে স্বাধীনভাবে জীবনযাপন পদ্ধতির উন্নয়ন ঘটাতে সহায়তা করে মাত্র।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 04:00 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ন্যাশনাল হার্ট, লাঙ্গ অ্যান্ড ব্লাড ইন্সটিটিউট-এর মেডিকেল অফিসার ও কার্ডিওলজিস্ট ড. জেরোমে এল ফ্লেগ ও তার সহযোগীরা এ কথাই বলছেন। ২১ থেকে ৮৭ বছর বয়সী ৪৩৫ জন পুরুষ ও ৩৭৫ জন নারীর ওপর পরীক্ষা চালিয়ে তারা এ তথ্য পেয়েছেন।

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জার্নাল সার্কুলেশন-এর সোমবারের অনলাইন প্রকাশনায় বলা হয়েছে, বিভিন্ন বয়সীদের ওপর ট্রেডমিল পরীক্ষার মাধ্যমে তারা দেখেছেন, বয়স বাড়ার সাথে সাথে শরীর চর্চাকালীন সময়ে দেহে অক্সিজেন গ্রহণের মাত্রা কমতে থাকে। শরীরচর্চা না করলেও দেহে এমনটি ঘটে থাকে। কাজেই নিয়মিত ব্যয়াম কাউকেই দীর্ঘায়ু দিতে পারে না।

চার বছর অন্তর অন্তর পরীক্ষা করে গবেষণায় দেখা গেছে, ২০ থেকে ৩০ বছর বয়সে প্রতি দশকে তাদের ব্যায়ামের মাত্রা কমেছে ৩ শতাংশ থেকে ৬ শতাংশ। ৭০ বা এর বেশি বয়সে একই ব্যক্তিদের এই হার কমেছে ২০ শতাংশ। গবেষণাকালীন সময়ে বিস্তৃত প্রশ্নাবলী ও শরীরচর্চার ভিত্তিতে তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করা হয়েছিল। তবে এ গবেষণায় স্বাস্থ্যবান ব্যক্তিদের অংশগ্রহণ বেশি ছিল। অপেক্ষাকৃত কম স্বাস্থ্যকর ব্যক্তিদের অংশগ্রহণে কিছুটা ভিন্ন ফল পাওয়া যেত বলে মনে করেন তারা।