ইরাকি পুলিশ বাহিনীতে গেরিলারা যোগদান করছে : পেন্টাগন
ইরাকের পুলিশ বাহিনীতে গেরিলা ও সাবেক অপরাধীরা যোগদান করছে। সোমবার মার্কিন প্রতিরক্ষা দফতর প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দেশটির পুলিশ বাহিনীতে লোক নিয়োগের ক্ষেত্রে যাচাই বাছাই প্রক্রিয়াকে গুরুত্ব না দিয়ে গণহারে লোক নেয়া হচ্ছে। প্রতিবদেনে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে বলা হয় সেখানে তথ্যগত জটিলতা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরাকি পুলিশ বাহিনীতে অব্যাহতভাবে অপরাধীদের নিয়োগ রীতিমত উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইরাকি পুলিশ বাহিনীতে সন্ত্রাসী ও গেরিলাদের নিয়োগ দেওয়ার ফলেই ইরাকে সহিংসতা বাড়ছে। এছাড়া পুলিশ বাহিনীর উচ্চপর্যায়ে অনেক অপরাধীরা রয়েছে।
প্রতিবেদনে বলা হয় ইরাকের রাস্তায় পুলিশের উপস্থিতি বাড়ছে। পুলিশ বাহিনীতে নিয়োগপ্রাপ্তরা অনেকেই অশিক্ষিত আবার কারোর বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে। আবার অনেকে শারীরিকভাবে অসুস্থ।
পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ইরাকে ৬০ হাজার লোক প্রশিক্ষণ নিয়েছে। এর আগে আরেকটি প্রতিবেদনে বলা হয়েছিলো, শতকরা ৫০ভাগ ইরাকি নিরাপত্তা বাহিনী বিদ্রোহীদের মোকাবেলা করতে পারদর্শী।
প্রতিবেদনে অবশ্য, গত জানুয়ারি মাসে সাধারণ নির্বাচনে ইরাকি পুলিশের ভূমিকার প্রশংসা করা হয়েছে।
প্রতিবেদনে পুলিশ বাহিনীকে আরো সক্রিয় করা ছাড়াও লোক নিয়োগের চেয়ে দক্ষদার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
ইরাকে ১ লাখ ৩৫ হাজার শক্তিশালী বাহিনী গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে।
