২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোপের সন্ত্রাস-বিরোধী মন্তব্যে নাখোশ ইসরাইল

নির্বাচিত হওয়ার মাত্র তিন মাসের মধ্যেই বড় ধরনের বিতর্কে জড়িয়ে গেছেন পোপ ষোড়শ বেনেডিক্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 10:38 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

পোপ রোববার তাঁর সন্ত্রাস-বিরোধী বক্তব্যে ইসরাইলের বিরুদ্ধে পরিচালিত সন্ত্রাসী হামলাকে উল্লেখ না করায় ইসরাইল তাঁর উপর ভীষন অসন্তুষ্ট হয়েছে। আর তাই ইসরাইলে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূতকে সোমবার ডেকে নিয়ে দেশটি তার অসন্তোষের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

পোপের উপর ইসরাইলের নাখোশ হওয়ার ব্যাপারে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিও ছেপেছে। বিবৃতি বলা হয়, তিনি রক্তক্ষয়ী সহিংসতা বন্ধ করার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। তাঁর প্রার্থনায় মিসর, ব্রিটেন, তুরস্ক ও ইরাকের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার কথা উল্লেখ থাকলেও, ইসরাইলের বিরুদ্ধে সম্প্রতি ফিলিস্তিনি জঙ্গিদের হামলার কোনও উল্লেখ নেই।

বিবৃতিতে আরও বলা হয়, পোপ ইসরাইলের বিরুদ্ধে সম্প্রতি ফিলিস্তিনি জঙ্গিদের হামলার কথা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেছেন।

অন্যান্য দেশের বিরুদ্ধে পরিচালিত হামলার ব্যাপারে পোপ যেমন বিবৃতি দেন, ইসরাইলের বিরুদ্ধে পরিচালিত হামলাগুলোর ব্যাপারে পোপকে একই অবস্থান নেয়ার আহ্বান জানানো হয় ইসরাইলের দেওয়া ওই বিবৃতিতে।

অবশ্য নির্বাচিত হওয়ার পর থেকেই খ্রিস্টান-ইহুদি সম্পর্ক উন্নত করার জন্য পোপ কাজ করে যাচ্ছেন।

ইতালির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত আলপাইন শহরে ভ্রমণকালে জার্মানির নাগরিক পোপ ষোড়শ বেনেডিক্ট সন্ত্রাস-বিরোধী বক্তব্য দেন।

ইতালির লিস কম্বাসে পোপ সোমবার সাংবাদিকদের জানান, সম্প্রতি সন্ত্রাসী হামলার পিছনে তিনি খ্রিস্টান-বিরোধী কোন উদ্দেশ্য দেখতে পাননি। তাঁর ভাষায়, ইসলামের উদারপন্থি অংশের সাথে পশ্চিমা বিশ্বের সংলাপ হওয়া প্রয়োজন।

এর আগে পোপ বলেছেন, পশ্চিমা বিশ্ব ও ইসলামের মধ্যকার সংঘর্ষের ফসল সন্ত্রাসবাদ নয়। লন্ডনের ৭ জুলাইয়ের হামলার পর থেকে নতুন পোপ বেশ কয়েকটি বিবৃতি দিয়েছেন।