চেলসিকে বিয়ে করতে ক্লিনটনের সম্মতির অপেক্ষায় এক কেনিয়ান
কেনিয়ার এক যুবক সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটন কন্যা চেলসিকে বিয়ে করার আগ্রহ জানিয়েছেন।
চিপকুরগার নামে এ যুবক ক্লিনটনের সাথে দেখা করার চেষ্টা করছেন। তিনি বলেন, আমাকে যদি ক্লিনটনের কাছে পৌঁছার সুযোগ দেয়া হয়, তাহলে আমি সরাসরি তার কন্যার প্রতি আমার ভালবাসার কথা জানাবো। চেলসি আমার প্রথম ও প্রকৃত প্রেম।
যন্ত্রকৌশলে গ্রাজুয়েশন করা চিপকুরগার বলেছেন, ক্লিনটন যদি চেলসিকে তার কাছে সপে দিতে রাজি হন তাহলে আফ্রিকার ঐতিহ্য অনুযায়ী যৌতুক হিসেবে তার হবু শশুরকে ২০ গরু ও ৪০টি ছাগল দিতে তিনি প্রস্তুত।
চিপকুরগার বলেন, চেলসির প্রতি গভীর প্রণয় বুঝতে পেরে আমার পরিবারও এ বিয়েতে সমর্থন জানিয়েছে।
৩৬ বছর বয়সী অবিবাহিত গডউইন কিপকিমোই চিপকুরগার চেলসিকে বিয়ে করার সম্মতি প্রদানের জন্য বিল ক্লিনটনকে লেখা চিঠির উত্তরের অপেক্ষায় আছেন। চিঠির উত্তর না পাওয়া পর্যন্ত অবিবাহিত থাকার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
বর্তমানে নাকুরু শহরের রিফ্ট ভ্যালার মিউনিসিপাল কাউন্সিলর হিসেবে কর্মরত চিপকুরগার বলেন, চেলসির জন্য যতদিন অপেক্ষা করা সম্ভব ততদিন আমি অপেক্ষা করতে প্রস্তুত।
এর আগে ২০০০ সালে ক্লিনটন উগান্ডা সফরে গেলে চিপকুরগার তার সাথে দেখা করার চেষ্টা করেছিলেন।
