লন্ডন ও মিশরের হামলার পিছনে আল কায়দা জড়িত
লন্ডন ও মিশরের বোমা হামলার পিছনে আল কায়দা সন্ত্রাসী নেটওয়ার্কের হাত রয়েছে এবং এই হামলার নির্দেশ লাদেনের কাছ থেকেই এসেছে বলে সন্ত্রাস বিরোধী বিশেষজ্ঞরা মনে করছেন।
লন্ডন ও মিশরে সন্ত্রাসী হামলার ধরন দেখে মনে হচ্ছে আল কায়দা সন্ত্রাসীরাই দুটো হামলার ব্যাপারে একই পদ্ধতি অবলম্বন করেছে। শীর্ষ আল কায়দা নেতার ওসামা বিন লাদেনের নির্দেশেই হামলা দুটি চালানো হয়েছে বলে তারা মনে করেন।
তারা বলেন, সব কিছু দেখে শুনে পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে যে, ওসামা বিন লাদেন এবং তার বেশ কয়েকজন সহকারি আল-কায়দা নেটওয়ার্কটি নিয়ন্ত্রণ করছে। মিশরের শারম আল শেখে এবং ব্রিটেনে হামলার ব্যাপারে আল-কায়দার স্থানীয় গ্রুপগুলোই কাজ করেছে এবং তারা স্বতন্ত্রভাবে হামলা করার পরে দায়দায়িত্ব স্বীকারও করেছে।
কিন্তু গোয়েন্দা কর্মকর্তা ও সন্ত্রাস বিশেষজ্ঞরা সন্দেহ করছেন, লন্ডন ও মিশরে হামলার ব্যাপারে ওসামা বিন লাদেন ও তার সহযোগীরা আর্থিক সহায়তা দিয়েছে। দুটো হামলার লক্ষ্যবস্তুও করা হয়েছে সাধারণ জনগণকে।
তারা বলেন, সাম্প্রতিক হামলাগুলো ইঙ্গিত দিচ্ছে যে, বেশ কয়েকটি দেশে আল-কায়দা নেটওয়ার্ক এখনো সক্রিয় রয়েছে এবং তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স তুর্কি আল ফয়সাল বলেন, ওসামা বিন লাদেন লুকিয়ে থাকলেও দেশে বিদেশে তার সহযোগীদের হামলার নির্দেশ দিচ্ছে। আর সকল গ্রুপই হামলার ব্যাপারে ওসামা বিন লাদেনের সাথে সমন্বয় সাধন করেছে।
