২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অজ্ঞাত রোগে চীনে ১৭ জনের মৃত্যু

অসুস্থ্য শুকর বা ভেড়ার মাংস খেয়ে অজ্ঞাত রোগে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৭ জন কৃষকের মৃত্যু হয়েছে এবং অসুস্থ্য হয়ে পড়েছে আরও ৪১ জন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 11:33 AM

Updated : 26 Apr 2022, 05:55 PM

প্রথমে প্রচণ্ড জ্বর, অবসাদ, বিতৃষ্ণা এবং বমি বমি ভাবের মধ্য দিয়ে অসুস্থতাবোধের শুরু। এরপর শরীরে কালশিরা পড়ে অচেতন হয়ে পড়া। এরকম অসুস্থতা নিয়েই গত চার সপ্তাহে দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের জিয়াং ও নিজিয়াং শহরের ৫৮ জন মানুষ হাসপাতালে ভর্তি হন দেশটির বিভিন্ন সংবাদ সূত্রে জানা গেছে।

এর মধ্যে দুইজন আশঙ্কামুক্ত হলেও ৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে চিকিৎসকরা আর কোন ব্যক্তির মাঝে এ রোগ সংক্রামিত হবে না বলে মনে করছেন। রোগের কারণ সম্পর্কে নিশ্চিত না হতে পারলেও হংকং কর্তৃপক্ষ মনে করছেন, ব্যাকটেরিয়াজাত সংক্রমণ থেকে ওই ১৭ জনের মৃত্যু হয়েছে।

জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূখপাত্র বব ডিটজ একে বার্ড ফ্লু’র সাথে সম্পর্কিত নয় বলে জানিয়েছেন।

এ রোগে মারা যাওয়া একজনের ছেলে জানিয়েছেন, অসুস্থ্য শুকর জবাই করে খাওয়ার পরপরই তার বাবার মৃত্যু হয়েছে। জানা গেছে, চীনের ওই এলাকার শুকর স্ক্রেপ্টোকোকাস ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হলেও ভেড়াগুলোও একই রোগে আক্রান্ত কি না সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।