ব্রিটেনে গুলি করে হত্যার নির্দেশ এখনও কার্যকর
ব্রিটিশ পুলিশের শীর্ষ কর্মকর্তারা বলেছেন, সন্দেহভাজনদের গুলি করে হত্যার নির্দেশ বাতিল করবেন না।
এর ফলে সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে আরও নিরীহ লোককে পুলিশের গুলিতে প্রাণ দিতে হতে পারে বলে নেতৃবৃন্দ সতর্ক করে দিয়েছেন। এদিকে ব্রিটিশ পুলিশ বোমা হামলার সাথে জড়িত তৃতীয় ব্যক্তিকে আটক করেছে।
শুক্রবার লন্ডনের স্টকওয়েল পাতাল স্টেশনে সন্দেহভাজন বোমা হামলাকারী সন্দেহে ভুল করে পুলিশ গুলি করে ব্রাজিলের নাগরিক জ্যঁ চার্লস ডি মেনজেস নিহত হওয়ার পর ব্রিটিশ পুলিশের শীর্ষ নেতৃবৃন্দ এ সতর্কতা জানান।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যার ইয়ান ব্লেয়ার বলেন, মর্মান্তিক দুর্ঘটনা ঘটার পরও পুলিশকে দেয়া সন্দেহভাজনদের গুলি করে হত্যার নির্দেশ বলবৎ থাকবে।
স্যার ইয়ান মেনজেসের হত্যাকাণ্ডের কারণে দুঃখবোধ করলেও জননিরাপত্তা প্রতিষ্ঠার কারণে তার কর্মকর্তাদের কর্তব্যকে সমর্থন করেছেন।
স্যার ইয়ান বলেন, জীবনের নিরাপত্তা যেখানে হুমকির সম্মুখীন, সেখানেই আমাদের দ্রুত সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হচ্ছে। এটা তো নিয়মিত হচ্ছে না।
তিনি আরও বলেন, এখানে যা ঘটছে তা নিয়ে গর্বিত হওয়ার কিছু নাই। তবে সাধারণ জনগণকে হত্যা করার কোন ষড়যন্ত্র আমরা করছি না।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী চার্লস ক্লার্ক মেনজেসের নিহত হওয়ার ঘটনাকে চরম মর্মান্তিক ঘটনা বলে আখ্যায়িত করেছেন। তারপরও তিনি বলেছেন, আমি আশা করব আমরা কি পরিস্থিতিতে আমাদের সেরা সেবাটা দেয়ার চেষ্টা করছি, নিহতের পরিবার তা বুঝতে সক্ষম হবে।
স্কটল্যান্ড ইয়ার্ডের প্রফেশনাল স্ট্যান্ডার্ডস অধিদপ্তর মেনজসের হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে স্বাধীন পুলিশ অভিযোগ কমিশনের কাছে।
লন্ডন সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী সেলিও আমোরিম বলেছেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র তাকে হত্যাকাণ্ডের ঘটনার পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, গুলিতে যে ব্রাজিলীয় নাগরিক নিহত হয়েছে, তার জীবন আমরা ফিরে পাবো না সত্যি, তবে তার হত্যাকাণ্ডের পিছনের কারণ আমরা জানতে পারি।
