২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের স্কুলের পাঠ্যপুস্তকে নাৎসিবাদ নিয়ে বিতর্ক

ভারতের গুজরাট প্রদেশের স্কুলের পাঠ্য পুস্তকে হিটলারের প্রশংসাসূচক একটি অধ্যায় মুদ্রণ নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 11:20 AM

Updated : 26 Apr 2022, 05:54 PM

গুজরাট প্রদেশের মানবাধিকার কর্মীরা ঘটনাটির নিন্দা জানিয়েছেন। বইটি গুজরাট প্রদেশের হিন্দু জাতীয়তাবাদী সরকার ছেপেছে। এর মধ্যে স্কুলের পাঠ্যপুস্তকে ‘নাৎসিবাদের অভ্যন্তরীণ সাফল্য’ নামে একটি অধ্যায় রয়েছে।

একজন খ্রিস্টান ধর্মযাজক ও সামাজিক কর্মী ফাদার প্রকাশ বলেন, ব্যাপারটি নিয়ে আমাদের কোর্টে যাওয়ার সময় এসেছে। বইটির ‘নাৎসীবাদের অভ্যন্তরীণ সাফল্য’ নামে অধ্যায়ে বলা হয়েছে, হিটলার জার্মান সরকারের সুনাম ও সাফ্যল সংক্ষিপ্ত সময়ের মধ্যে ফিরিয়ে আনেন এবং একটি শক্তিশালী প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠা করেন।

ফাদার প্রকাশ বলেন, বইটিতে কমপক্ষে তিনশটির মত তথ্যগত ভুল রয়েছে এবং হলোকাস্ট সম্পর্কে খুব সামান্যই উল্লেখ করা হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

তবে গুজরাট সরকার মানবাধিকার কর্মীদের অভিযোগ ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। রাজ্যের শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা বার্তা সংস্থাকে বলেন, বইটি যখন ইংরেজিতে অনুবাদ করা হয় তখনই বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়।

বইটি ১৩ থেকে ১৫ বছরের স্কুল ছাত্রছাত্রীরা গত বছর থেকে পড়ে আসছে। বর্তমান শিক্ষাবর্ষেও বইটি ছাত্র-ছাত্রীদের পাঠ্য সূচিতে রয়েছে।

ফাদার প্রকাশ আরো বলেন, গত বছর থেকে আমরা বইটি নিয়ে গবেষণা শুরু করি। তখন থেকেই দেখতে পাই গুজরাট শিক্ষা বোর্ড ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে। তিনি বলেন, “স্কুল ছাত্রদের পিতামাতা, মানবাধিকার কর্মী ও শিক্ষাবিদরা ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও রাজ্য সরকার বইটি ছাত্রছাত্রীদের জন্য বহাল রেখেছে।”

মহাত্মা গান্ধীর খ্যাত গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা ভারতের অন্যান্য রাজ্যগুলোর চেয়ে বেশি হয়ে থাকে। ২০০২ সালে সাম্প্রদায়িক দাঙ্গায় কমপক্ষে এক হাজারেও বেশি মানুষ প্রাণ হারায়।