ব্রিটেনের হাসপাতালে নিরাপত্তার অভাবে এক বছরে ৮৪০ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১৯০,০০০
ব্রিটেনের হাসপাতালে পর্যাপ্ত সেবা ও নিরাপত্তার অভাবে গত এক বছরে কমপক্ষে ৮৪০ জন রোগী মারা গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও ১৯০,০০০ জন।
বৃহস্পতিবার দ্য এনএইচএস ন্যাশনাল পেশেন্ট সেফটি এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, গত এক বছরের ব্রিটেনের হাসপাতালগুলোতে ভুল ওষুধ প্রয়োগ, ডাক্তার ও নার্সদের অপর্যাপ্ত প্রশিক্ষণ ও ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ব্যবহারের মতো প্রায় ৫৭২,০০০টি ঘটনা ঘটেছে। এ সব ঘটনার প্রায় শতকরা ৩১.৪ ভাগ ক্ষেত্রেই রোগীর ক্ষতি হয়েছে। তাদের শতকরা একভাগের মৃত্যু হয়েছে অথবা মারাত্মক কোন ক্ষতির শিকার হয়েছে।
ইংল্যান্ড ও ওয়েলসে ২০০৩ সালের নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহ প্রক্রিয়া শুরু হয়েছে। তখন থেকে ২০০৫ সালের মার্চ পর্যন্ত ৮৫,৩৮২ টি দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
এজেন্সির এপিডেমিলোজি অ্যান্ড রিসার্চ বিভাগের পরিচালক রিচার্ড থমসন জানান, এটা অবশ্যই স্বীকার করতে হবে যে, এনএইচএস-এর সেবা বৃহৎ অর্থে নিরাপদ ও কার্যকর। প্রতিদিন প্রায় এক মিলিয়ন লোককে সফলভাবে সেবা দেয়া হচ্ছে। তবে কোন কোন ক্ষেত্রে সমস্যা যে দেখা দেয়, তা আমরা অস্বীকার করতে পারি না। মাঝে মাঝে জটিল রোগে আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে কিছু কিছু ভুলের ঘটনা ঘটেছে।
থমসন আরও বলেন, একটি রোগীর মৃত্যু তার পরিবার ও সংশ্লিষ্ট স্টাফদের জন্য অবশ্যই মর্মান্তিক একটি ঘটনা। এইসব মৃত্যুর ঘটনা হ্রাস করার জন্য আমরা এনএইচএস-এর সাথে একত্রে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।
সম্প্রতি ভুল চিকিৎসার ৩১১টি ঘটনা ঘটেছে এবং এসব ঘটনায় মারা গেছে দু’জন।
