থাইল্যান্ডের মন্ত্রিপরিষদ তিনটি প্রদেশে জরুরি আইন জারি করেছে
থাইল্যান্ডের মন্ত্রিপরিষদ দক্ষিণাঞ্চলের তিনটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশে জরুরি আইন জারি করেছে। এসব অঞ্চলে প্রায় ১৮ মাস ধরে সশস্ত্র বিদ্রোহীদের সাথে সেনাবাহিনীর লড়াই অব্যাহত রয়েছে। এ আইনের অধীনে কোন সন্দেহভাজনকে অভিযোগ ছাড়াই আটক রাখা এবং গণমাধ্যমকে সেন্সর করা যাবে।
মঙ্গলবার ঘোষিত এ সিদ্ধান্তের ফলে প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা সামরিক শক্তি প্রয়োগ করে বিদ্রোহ দমনের সুযোগ পাবেন। প্রদেশ তিনটিতে সংঘাত শুরু হওয়ার পর এ পর্যন্ত ৯০০ লোক প্রাণ হারিয়েছেন।
সমালোচকরা বলেন, জরুরি অবস্থা সংক্রান্ত ডিক্রির মধ্য দিয়ে খুব বেশি ক্ষমতা পেয়ে যাবেন থাকসিন। এক্ষমতা প্রয়োগকালে মানবতা এবং নাগরিক অধিকারও খর্ব করার যথেষ্ট সুযোগ রয়েছে। বৌদ্ধ অধ্যুষিত থাইল্যান্ডের মুসলিম সংখ্যাগরিষ্ঠ তিনটি প্রদেশ ইয়ালা, নারাথিবাত এবং পাটানিতে কেবল এ আইন কার্যকর হতে যাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী চিতচাই ওনাসাথিট বলেন, এ ডিক্রি বলে প্রাপ্তক্ষমতা নাগরিক স্বাধীনতাকে খুব কমই খর্ব করবে। দক্ষিণাঞ্চল প্রদেশে শান্তি ফিরিয়ে আনতেই কেবল আমরা এ আইনের সুযোগ নেব।
ইসলামি জঙ্গিরা বৃহস্পতিবার ইয়ালার রাজধানীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস করে দেয় এবং সারা শহর অন্ধকারে ঢাকা পড়ে। তারপর তারা শহরব্যাপী আগুনে বোমাসহ অন্যান্য বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায় এবং স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ছুঁড়ে নিরাপত্তা বাহিনী আসার আগেই সরে পড়ে। এ ঘটনার পরই সরকার জরুরি আইন জারির পক্ষে তৎপর হয়।
চলতি বছরের শুরুতে জাতীয় রিকনসিলিয়েশন কমিশন প্রধানের দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী আনন্দ পানচারাচান দক্ষিণাঞ্চলে শান্তি স্থাপনের জন্যে এ ডিক্রি জারির বিরোধিতা করেন। তিনি সর্তক করে বলেন, সরকারকে অতিরিক্ত ক্ষমতা দেওয়ার ফলে সহিংসতা এবং সংকট উত্তরোত্তর বাড়বে।
