কাশ্মিরে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৬
ভারত অধিকৃত কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে বুধবার একটি গাড়িবোমা বিস্ফোরণে পাঁচ সেনাসহ মোট ছয় জন নিহত এবং ১৬ জন আহত হয়েছে। ভারতীয় সৈন্যবাহী গাড়ি লক্ষ করে এ বোমা নিক্ষেপ করা হয়।
প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তারক্ষীদের বরাত দিয়ে বিভিন্ন বার্তাসংস্থা জানায়, আহত ১৬ জনের অধিকাংশ এবং নিহতদের একজন সাধারণ লোক। বিস্ফোরণ এ ঘটনায় সৈন্যবাহী একটি জিপ ও অপর একটি গাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। পার্শ্ববর্তী একটি ভবনের অংশবিশেষও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের সাথে সাথে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ স্থলের মাত্র ৫০ মিটার দূরে একটি মিশনারি স্কুলের বাচ্চারা আতঙ্কে চিৎকার ও ছুটাছুটি শুরু করে, তবে তাদের কেউ আহত হয়নি।
কাশ্মিরের প্রধান ইসলামি জঙ্গি গ্র“প হিজবুল মোজাহিদিনের পক্ষ থেকে টেলিফোনে স্থানীয় একটি বার্তাসংস্থার কাছে এ বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করা হয়। ভারত অধিকৃত কাশ্মিরে ইসলামি জঙ্গিদের অনুপ্রবেশ বাড়ছে বলে ভারতীয় সেনাবাহিনীর রিপোর্ট প্রদানের মাত্র একদিন পর এ বিস্ফোরণের ঘটনা ঘটল।
কাশ্মিরে সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনায় ১৯৮৯ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৪৪ হাজার লোক প্রাণ হারিয়েছে।
