ক্যান্সার চিকিৎসায় ভিডিও গেমস
ক্যান্সার রোগীদের চিকিৎসার ক্ষেত্রে ভিডিও গেমস একটি বড় ধরনের ভূমিকা রাখতে পারে। ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসাকালীন দুঃসহ ব্যথা ও যন্ত্রণা ভুলিয়ে রাখতে ভিডিও গেমস বেশ কার্যকর। শিশুদের ক্ষেত্রে এটি আরও বেশি প্রযোজ্য।
এ সংক্রান্ত গবেষণায় দেখা গেছে, চিকিৎসাকালে রোগীদের যদি খেলার (ভিডিও গেমস) মধ্যে ডুবিয়ে রাখা যায়, তাহলে রোগীদের মাথাঘোরা, বমিবমি ভাব ও সিস্টোলিক ব্লাড প্রেসার বাধাগ্রস্ত হবে।
নটিংহ্যাম ট্রেন্ট ইউনিভার্সিটির ড. মার্ক গ্রিফিথস নতুন প্রাপ্ত বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন এভাবে- গেমস বেদনাদায়ক পরিস্থিতি থেকে একজন রোগীর মনোযোগ কেড়ে নেয়। যা কিনা অন্য কোন থেরাপির ক্ষেত্রে দেখা যায় না।
গবেষণার ফলাফলে দেখা গেছে, একজন বালক ক্যান্সার রোগীকে গেমস খেলা থেকে বিরত রাখার কারণে সে বারবার ব্যথায় চিৎকার করতে থাকে।
তবে ড. মার্ক বলেছেন, বিষয়টির ব্যাপারে আরও বিস্তারিত গবেষণা হওয়া প্রয়োজন। তার বক্তব্য, গেমসের সাথে ব্যথা কমার যে সম্পর্ক আছে তার প্রমাণ করার মতো প্রয়োজনীয় প্রমাণ আমাদের হাতে নেই।
