২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মরুভূমিতে আটকে পড়া অভিবাসীদের জীবন বাঁচালো মোবাইল ফোন

মোবাইল ফোনের নানা ক্ষতিকর দিকের কথা বলা হয়ে থাকে। কিন্তু এটি যে আপতকালীন সময়ে কতটা প্রয়োজনীয়, সে উদাহরণ বৃহস্পতিবার পাওয়া গেছে মেক্সিকোতে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 02:50 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

আরিজোনা মরুভূমিতে মৃত্যুর দুয়ারে পৌঁছেও মোবাইল ফোনের কল্যাণে জীবন ফিরে পায় এক দল আটকেপড়া অবৈধ অভিবাসী।

আরিজোনার তাকসনের দক্ষিণে আরিভাকার নিকটবর্তী মরুভূমিতে বুধবার মেক্সিকো সীমান্ত বরাবর চারদিনের ট্রেকে বের হয় একদল অভিবাসী। এক পর্যায়ে গাইড তাদের ছেড়ে চলে গেলে পথ হারিয়ে ফেলে তারা। একদিকে অজানা পথ, অন্যদিকে পানি সংকট তাদের ভীত করে তুলছিল। পরে গাইডের ফেলে যাওয়া ব্যাগ থেকে উদ্ধারকারী দলের ফোন নম্বর পেয়ে সঙ্গে সঙ্গে ডায়াল করে তারা ৯১১ নম্বরে। উদ্ধারকারী দল সন্ধ্যা হওয়ার আগেই হেলিকপ্টার পাঠিয়ে দলটিকে উদ্ধার করে।

তাদের বুদ্ধিমত্তাই নিজেদের জীবন বাঁচিয়েছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের তাকসন সেক্টর সীমান্ত টহল কর্মীরা ।

জুলাইয়ের শুরুতে আরিজোনা মরুভূমি পার হওয়ার সময় প্রচণ্ড গরমের কারণে ২১ জন অবৈধ অভিবাসী মারা যায়।

উল্লেখ্য, মেক্সিকোর বেশিরভাগ অভিবাসী উন্নত জীবনের আশায় প্রচণ্ড উত্তপ্ত এই মরুভূমি পেরিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তবে এবার গরমে রেকর্ড সংখ্যক অভিবাসীর মৃত্যু হতে পারে বলে সীমান্ত টহলকারী দল ধারণা করছে।