লস এঞ্জেলেসে এখনও বর্ণবাদ
মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস এঞ্জেলেসে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, আবাসন এবং অপরাধ বিচারের মতো সকল ক্ষেত্রে কালোরা নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছে। বুধবার প্রকাশিত এক সমীক্ষায় একথা বলা হয়েছে।
দ্য স্টেট অব ব্ল্যাক অব লস এঞ্জেলেস নামে দ্য ইউনাইটেড ওয়ে অ্যান্ড দ্য আরবান লিগ অব লস এঞ্জেলেস’র গবেষণাপত্রে বলা হয়েছে, স্বপ্নের আমেরিকার প্রতিশ্র“তি শহরের বহু কালো মানুষদের দুয়ারে পৌঁছায়নি।
গবেষণায় দেখা গেছে, শহরের অর্ধেক কালো শিক্ষার্থীই চার বছরের মধ্যে গ্রাজুয়েশন শেষ করতে পারে না। মাথাপিছু আয়ের ক্ষেত্রে স্থানীয় সাদাদের চেয়ে তারা কমপক্ষে বিশ হাজার ডলার পিছিয়ে। আর বেকারত্বের হার সাদাদের দ্বিগুন। শহরে কালোদের বেকারত্বের হার ১৪ শতাংশ।
লস এঞ্জেলেসের মেয়র অ্যান্তোনিও ভিল্লারাইগোসাও তার সম্প্রদায়ের কালোদের অধিকারের ব্যাপারে সোচ্চার হয়েছেন। তার সাথে যোগ দিয়েছেন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেয়র অ্যান্তোনিও বলেন, আমার কাছে এটা চ্যালেঞ্জের মতো। এর বিরুদ্ধে কাজ করার এখনই সময়। তার বক্তব্য, একটি বৃহৎ উজ্জ্বল শহর তার বহু নাগরিককে পিছনে রেখে বৃহৎ হতে পারে না।
গবেষণায় আরো বলা হয়, স্কুলে চতুর্থ গ্রেডের কালোদের মধ্যে প্রায় ৭৫ শতাংশ স্বাচ্ছন্দ্যে পড়তে পারেনা। এ প্রসঙ্গে মেয়র অ্যান্তোনিও বলেন, আমরা যদি লিখতে বা পড়তে না পারি, তাহলে আমরা কম্পিউটার ও পাঠ্যবই বিষয়ে জানতে পারবো না। তার মানে, আমরা প্রতিযোগিতা করতে সমর্থ হবো না।
