২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে বোমা হামলায় নিহতদের স্মরণে ইউরোপে মৌন শোক

লন্ডনে বোমা হামলায় নিহতদের স্মরণে বৃহস্পতিবার ইউরোপ জুড়ে মৌন শোক পালিত হয়েছে। এক সপ্তাহ আগে ওই বোমা বিস্ফোরণে ৫২ জন নিহত এবং সাত শ’ আহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 01:50 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

লন্ডনে দুপুরে হতাহতদের প্রতি শ্রদ্ধা জানাতে দু’মিনিট নীরবতা পালন করা হয়। এসময় যান চলাচল থেমে যায়, ব্যবসা বাণিজ্য বন্ধ থাকে, বিমানের ফ্লাইট বিলম্বিত হয় এমনকি হাসপাতাল কর্মীরাও সেবা কাজে বিরত থাকেন।

লন্ডনের মেয়র কেন লিভিংস্টোন বলেন, “সন্ত্রাস ছড়িয়ে দিয়ে যারা আমাদের শহরের চরিত্র বদলে দিতে চায়, তাদের প্রতি অবজ্ঞা প্রকাশ করেই ৭ জুলাই বোমা হামলায় নিহতদের স্মরণ করবে লন্ডনবাসী। একটি মুক্ত, সহনশীল, নানান জাতি এবং বহু সংস্কৃতির সমাজ এবং মিলন ক্ষেত্র হিসেবে লন্ডন গড়ে উঠেছে, যা আগামী  বিশ্বকে পথ দেখাবে, সেই লক্ষ্য থেকে আমাদের বিচ্যুত করা যাবে না। ”