২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ৫ হাজার রুপির বিনিময়ে বউ বিক্রি

ভারতের ভুপালে এক স্বামী মাত্র পাঁচ হাজার রুপির বিনিময়ে তার স্ত্রীকে বন্ধুর কাছে বিক্রি করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 11:45 AM

Updated : 26 Apr 2022, 05:52 PM

১৮ বছর বয়সী স্ত্রী মধু এ ঘটনায় হত বিহবল হয়ে পড়েছেন। বুঝতেই পারছেন না তিনি, কেন তার স্বামী ভগবান সনি বন্ধুর ঋণের টাকা পরিশোধ করতে না পেরে তাকে বিক্রি করে দিলেন। ২০০৫ সালের মে মাসে তাদের বিয়ে হয়।

মধু বলেন, তার (ভগবান সনি) কাছে বন্ধুরা টাকা পেতো। সে আমাকে জানিয়েছে যে, সে আমাকে বিক্রি করে দিয়েছে।

ভগবান সনি তার ঋণের ৫ হাজার রুপি পরিশোধ করতে তার স্ত্রীকে বন্ধুর কাছে বিক্রি করে দেন।

এদিকে মধু পুলিশের কাছে অভিযোগ করেছে, তাকে কিনে নেয়ার পর বন্ধুটি তাকে ধর্ষণ করেছে। অভিযোগের ভিত্তিতে বন্ধুটিকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়ে দিয়েছে। তবে তার স্বামীকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।

এ সম্পর্কে স্থানীয় থানার সাব-ইন্সপেক্টর সোফিয়া কোরেশি জানান, বন্ধুর কাছে মধুকে বিক্রি করে দেয়ার পর ভগবান আত্মগোপন করেছে। তিনি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন। তিনি বলেন, ধর্ষণের ব্যাপারে তদন্ত চলছে এবং তার স্বামীকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান শুরু হয়েছে।

মধু এখন তার মা-বাবার সাথেই আছেন। তবে আশ্চর্যের বিষয় হলো, তার স্বামী তার সাথে এমন আচরণ করার পরও, মধু তার স্বামীর ঘরেই ফিরে যেতে চান।