জি ৮ সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন, বিক্ষোভকারীরাও প্রস্তুত
বুধবার স্কটল্যান্ডে অনুষ্ঠেয় জি ৮ সম্মেলনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। বিশ্ব নেতারা সম্মেলনে যোগ দিতে সেখানে আসা শুরু করেছেন।
আবহাওয়া পরিবর্তন, বিশ্ব বাণিজ্য ব্যবস্থা, আফ্রিকায় ত্রাণ সহায়তা প্রদান ও ঋণ মওকুফসহ বিভিন্ন বিষয় নিয়ে শিল্পোন্নত দেশগুলোর নেতারা আলোচনা করবেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বাণিজ্য চুক্তি ও আবহাওয়া পরিবর্তন সংক্রান্ত কোনও চুক্তির ব্যাপারে ততটা আগ্রহী নন। তিনি জানিয়েছেন, ইরাক যুদ্ধের ব্যাপারে যুক্তরাজ্যের সমর্থন পেলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সাথে এসব ব্যাপারের সাথে তিনি একমত নন।
তিনি কিয়োটো ধরনের কোনও চুক্তি করবেন না বলে জানিয়েছেন। এ নিয়ে হাজার হাজার বিক্ষোভকারী গ্লিনিগ্লসে অবস্থিত সম্মেলন কেন্দ্রে বিক্ষোভ জানানোর প্রস্তুতি নিয়েছে। তাছাড়া সোমবার পুলিশের সাথে সংঘর্ষের জের ধরেও তারা এ সিদ্ধান্ত নেয়।
সোমবার পশ্চিম স্কটল্যাণ্ডের প্রত্যন্ত গ্রামে চারশ’রও বেশি জি-৮ সম্মেলন বিরোধীরা যুক্তরাজ্যের পারমাণবিক অস্ত্র সজ্জিত ট্রিডেন্ট সাবমেরিন যুদ্ধজাহাজের প্রধান নৌঘাঁটির প্রবেশ পথ অবরোধ করে রাখলে পুলিশের সাথে সংঘর্ষ হয়।
এদিকে সম্মেলনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে। পুলিশের কড়া প্রহরাসহ বসানো হয়েছে নিরাপত্তা ক্যামেরা। নির্দিষ্ট সীমা পর্যন্ত নো ফ্লাই জোনও ঘোষণা করা হয়েছে। হোটেল ও কান্ট্রি ক্লাবের পাঁচ মাইল পর্যন্ত স্টিলের রিং দিয়ে নিরাাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে।
লাইভ-৮ কনসার্টের সাফল্যের পর দারিদ্র বিষয়ক চুক্তির জন্য কিছুটা চাপের মুখে রয়েছেন বিশ্ব নেতারা।
