নেপালে এই প্রথম আয়োজন করা হলো এইচআইভি/এইডস আক্রান্তদের অংশগ্রহণে সৌন্দর্য্য প্রতিযোগিতা
এই প্রথমবারের মত এইচআইভি/এইডস রোগীদের অংশগ্রহণে সৌন্দর্য্য প্রতিযোগিতার আয়োজন করা হল।
এশিয়ায় এ ধরণের সৌন্দর্য্য প্রতিযোগিতা এই প্রথম বলে দাবী করলেন ২৩ বছর বয়সী দীক্ষা রিমাল। মোট আটজন প্রতিযোগীর মধ্যে তিনি প্রথম হয়েছেন। নেপালের চিতাওয়ান শহরে আয়োজিত এ প্রতিযোগিতার আয়োজক ছিল নেপাল ফ্যামিলি প্ল্যানিং এসোসিয়েশন।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে এক প্রশ্নের উত্তরে রিমাল বলেন, ‘আমার মত এইচআইভি/এইডস রোগীদের করুণা না করে সাহায্য করুন, যাতে করে আমরা কিছু করার সাহস অর্জন করতে পারি।’ এ উত্তরই তাকে ‘মিসেস এইচআইভি স্টিগমা ফ্রি ২০০৫ ’ শিরোপা জিততে সাহায্য করে।
২৩ বছর বয়সী নির্মলা পৌডাল রানার-আপ হন এবং ২৪ বছর বয়সী মালা তামাং তৃতীয় স্থান অর্জন করেন।
৪ বছর আগে রিমাল তার স্বামীর মাধ্যমে এ রোগে আক্রান্ত হন। তিনি বিয়ের আগে রক্ত পরীক্ষা করে নেয়ার পরামর্শ দেন।
