২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫ আফ্রিকান নেতা হোয়াইট হাউজে, সাহায্য বাড়ানোর অঙ্গীকার করলেন বুশ

আফ্রিকার পাঁচ দেশের নেতারা সোমবার প্রেসিডেন্ট বুশের কাছে আফ্রিকায় মার্কিন সাহায্যের মন্থর গতিতে তাদের অসন্তোষের কথা জানিয়েছেন। হোয়াইট হাউজে বুশের সাথে দেখা করার পর বুশ তাদের কাছে সাহায্য আরও দ্রুতগতিতে করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 12:58 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

আফ্রিকায় গণতন্ত্রের প্রসার ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাতে বুশ প্রশাসন যে কর্মসুচি নিয়েছে তার ব্যাপারে কথা বলতেই বতসোওয়ানা, ঘানা, মোজাম্বিক, নামিবিয়া এবং নাইজারের প্রেসিডেন্ট বুশের সাথে সাক্ষাৎ করেন।

আর্থিক সহায়তা পাবার পূর্ব শর্ত অনুযায়ী আফ্রিকার ওই পাঁচটি দেশে গত বছর গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হলেও নতুন কর্মসূচির মাধ্যমে যে পরিমাণ সাহায্য তাদেরকে দেয়ার কথা ছিল তা দেয়া হয়নি।

গত সোমবার পর্যন্ত কেবল মাদাগাস্কার এই কর্মসূচির আওতায় সাহায্য পাওয়ার জন্য মনোনীত হয়। চুক্তি অনুযায়ী আগামী চার বছর পর্যন্ত মাদাগাস্কারকে ১১০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা হিসেবে দেয়ার অঙ্গীকার করেছে হোয়াইট হাউজ।

নাইজারকে এখনও আর্থিক সহায়তা পাওয়ার কিছু শর্ত পূরণ করার জন্য চেষ্টা করতে হবে বলে জানিয়েছে বুশ প্রশাসন; সাথে এ কথাও বলেছে যে, বতসোওয়ানা ও নামিবিয়া এই কর্মসূচি অনুযায়ী সাহায্য পাওয়ার মত প্রাথমিক শর্তাবলী পূরণ করেছে। তবে এখন পর্যন্ত কাউকেই কাঙ্খিত অর্থ প্রদান করা হয়নি। তা যেন দ্রুত প্রদান করা হয় সেজন্যই বুশের সাথে পাঁচ নেতার সাক্ষাৎ। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বুশ দ্রুত সাহায্য জোগানোর নিশ্চয়তা দেন।