২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিলিতে তুষার ঝড়ে নিখোঁজ ৪১ সেনার বেশিরভাগই মারা গেছে

দু’দিন আগে আন্দিজ পর্বতমালায় ভয়াবহ তুষার ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৪১ সেনার বেশিরভাগই মারা গেছে। চিলির সেনাবাহিনী প্রধান শনিবার একথা বলেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 03:30 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

সেনাবাহিনী প্রধান জেনারেল এমিলিও শেইরি বলেন চিলির দক্ষিণাঞ্চলে আর কখনও সামরিক অভিযান চালানো হবে না। তিনি এজন্য বেশ কয়েকজন সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন এবং ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

চিলির প্রেসিডেন্ট রিকার্ডো লাগোস বলেছেন, ব্যাপক অভিযানের পর সেখান থেকে ১৩ সেনা সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সেনা সদস্যদের পরিবারবর্গ ঘটনার জন্য সেনাবাহিনীকেই দায়ী করেছে।

আর্জেন্টিনা সীমান্তের কাছে চিলির দক্ষিণাঞ্চলের লস ব্যারস রেঞ্জে প্রশিক্ষণকালে সেনাদের গোটা একটি কোম্পানি নিখোঁজ হয়। অপ্রত্যাশিত তুষারঝড়ে আরও ৪৩৩ সেনা আক্রান্ত হয়। আবার অনেকই নিরাপদে ফিরে আসতে পেরেছে।

সেনাবাহিনী জানায়, উদ্ধারকারীদের জন্য সেখানে ১শ’ সেনা সদস্যের একটি দল অপেক্ষা করছিল।

চিলির প্রেসিডেন্ট রিকার্ডো লাগোস জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেন, “চিলির এসব জোয়ানদের অনাকাঙ্খিত মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

তিনি নিহত সেনা সদস্যদের স্মরণে চিলিতে তিনদিনের জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন।