২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বিদ্রোহীদের হামলায় ৫০ জন নিহত

ইরাকের রাজধানী বাগদাদ ও আশপাশের এলাকায় ইরাকি বিদ্রোহীদের দফায় দফায় ১৭টি বোমা হামলার ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। এদের মধ্যে যুক্তরাষ্ট্রের তিন সেনা সদস্যও রয়েছে। ইরাকে নতুন সরকার গঠনের কয়েকদিন পরই বিদ্রোহীদের ধারাবাহিক হামলার এসব ঘটনা ঘটলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 01:50 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

এদিকে এক ভিডিও টেপে যুক্তরাষ্ট্রের কাছে মোস্ট ওয়ারেন্টেড আবুৃ মুসা আল জারকাবি মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে সতর্ক করে দিয়ে বলেছেন, আরও রক্তপাতের জন্য অপেক্ষা করুন। পৃথক আরেকটি বিবৃতিতে তার গ্র“প ইরাকে গত দুদিনের আত্মঘাতী হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ধারাবাহিক বোমা হামলায় ১১৪ জন ইরাকি ও সাত মার্কিন সেনা গুরুতর আহত হয়েছে। আর এসব বোমা হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল ইরাকের নিরাপত্তা বাহিনী। সুন্নি মুসলমানদের ধর্মগুরুদের  একটি সংগঠনের প্রধান বলেন, দেখে মনে হচ্ছে ইরাকে দফায় দফায় বোমা হামলায় বিদ্রোহীদের মধ্যে যোগসূত্র ছিল। মুসলিম স্কলারস এসোসিয়েশনের প্রধান বলেন, “আমরা বিশ্বাস করি না যে, নতুন সরকার ইরাকে পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করতে পারবে। আমরা এ সরকারকে বিশ্বাস করি না।” তিনি তুর্কি আনাতোলিয়া সংবাদ সংস্থাকে বলেন, “ধারাবাহিক বোমা হামলার কারণে আমরা সামনে কোনও আশা দেখতে পাচ্ছি না।”

ইন্টানেটে এক ভিডিও টেপে আল-কায়দা নেতা আবু মুসা আল জারকাবি বলেন, “আমাদের মর্যাদা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বুশ তোমাকে শান্তি দেব না। আমাদের শরীরে যতক্ষণ রক্তপ্রবাহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্ষান্ত হব না।”

ওই ভিডিও টেপে তিনি ইরাকে মার্কিন বাহিনী এবং যুক্তরাষ্ট্রের ওপর আবারও হামলার হুমকি দেন।

ওয়াশিংটনের একজন গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, ওই টেপটি শুনে মনে হচ্ছে এটা জারকাবির ভাষণের আসল টেপ। ওয়েব সাইটে দেওয়া পৃথক আরেকটি বিবৃতিতে ইরাকে গত দু’দিনে হামলার জন্য আবু মুসা আল জারকাবির আলকায়দা গ্র“প দায়দায়িত্ব স্বীকার করেছে।

শুক্রবারে সবচে’ ভয়াবহ হামলা হয়েছে দক্ষিণ-পূর্ব বাগদাদের আজামিয়াহ ও মাদাইন শহরে। শুক্রবার চারটি বোমারই বিস্ফোরণ ঘটে বাগদাদের আজামিয়াহ এলাকায়। স্থানীয় সময় সকাল আটটায় ইরাকি নিরাপত্তা বাহিনীর একটি টহল দলের কাছে প্রথম গাড়ি বোমাটির বিস্ফোরণ ঘটে। সাথে সাথেই প্রায় আরও তিনিটি বোমার বিস্ফোরণ ঘটে। বাগদাদের আশপাশে ১৩টি গাড়িবোমা বিস্ফোরণে গত শুক্রবার ইরাকি নিরাপত্তা বাহিনীর ২৩ সদস্য নিহত হয়। এসময় কমপক্ষে ৩১ জন আহত হয়।

মার্কিন সামরিক বাহিনী জানায়, বাগদাদের ১৮ কিলোমিটার উত্তরে বোমা হামলায় এক মার্কিন সেনা নিহত হয়েছে। অপরদিকে দিয়ারাহ শহরের কাছে আরেকটি গাড়িবোমা হামলায় দু’মার্কিন সেনা নিহত হয়।

২০০৩ সালের মার্চ মাসে ইরাক যুদ্ধ শুরু হবার পর থেকে এখন পর্যন্ত ইরাকে ১৫৭৫ জন মার্কিন সেনা নিহত হয়েছে।