২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে মধ্যরাতে গ্রেফতার নাটকঃ দেউবা এখন পুলিশ হেফাজতে

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তার বাসভবন থেকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 11:52 AM

Updated : 26 Apr 2022, 05:36 PM

ক্ষমতা দখলকারী রাজা জ্ঞানেন্দ্র কর্তৃক গঠিত রাজকীয় দুর্নীতিদমন কমিশনে তাকে হাজির হওয়ার নির্দেশ দিলে দেউবা তা প্রত্যাখান করেন। এ ঘটনার এক সপ্তাহ পর তাকে গ্রেফতার করা হল।

নেপাল কংগ্রেস মুখপাত্র মিনেন্দ্র রিজাল সাংবাদিকদের জানান, রাজধানী থেকে ১০ কিলোমিটার দূরে দেউবার বাসভবন ‘বুদ্ধকন্ঠ’-তে মঙ্গলবার দিবাগত রাত ২টায় পুলিশ অভিযান চালায়। তারা প্রথমে টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং জোর করে ভবনে প্রবেশ করে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। খবর বার্তা সংস্থার।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এর অর্থায়নে মেলামচি পানীয় জল প্রকল্প গ্রহণে অনিয়মের অভিযোগ উঠেছে ৫৯ বছর বয়স্ক সাবেক প্রধানমন্ত্রী দেউবার বিরুদ্ধে। রাজকীয় দুর্নীতি নিয়ন্ত্রণ কমিশন (আরসিসিসি) কোটি কোটি ডলারের এ প্রকল্প স্বাক্ষরের সময় অর্থ উৎকোচ ও দুর্নীতির যে অভিযোগ এনেছিল তার প্রশ্নোত্তরের জন্য সমন পাঠিয়েছিল দেউবার কাছে।

রাজা জ্ঞানেন্দ্র ১ ফেব্রুয়ারী ক্ষমতা কুক্ষিগত করার অল্প দিন পরেই এ কমিশন গঠন করেন। দেউবার বিরুদ্ধে অননুমোদিত ফান্ড পার্টির কর্মীদের মধ্যে বিতরণেরও অভিযোগ তুলেছে এ কমিশন।

রিজাল প্রশ্ন তুলেন, একজন সাবেক প্রধানমন্ত্রীকে মধ্যরাতে কিভাবে তারা গ্রেফতার করে? এটা নিষ্ঠুর, অমানবিক এবং অকল্পনীয়। তিনি বলেন, জার্কাতায় আফ্রো-এশীয় সম্মেলনে আর্ন্তজাতিক সম্প্রদায়ের কাছে রাজা জ্ঞানেন্দ্র নেপালে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দ্রুত জরুরী অবস্থা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসা সত্বেও দেউবাকে গ্রেফতার করা হল।