২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোকিওর ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে বেইজিং

চীনে জাপানী দূতাবাস এবং কনস্যুলেট অফিস আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে জাপানের পররাষ্ট্র মন্ত্রী নবোতাকা মাচিমোরা দাবী জানিয়েছিলেন ঃ চীনকে এজন্য ক্ষমা চাইতে হবে। কিন্ত চীনের পররাষ্ট্রমন্ত্রী লি ঝাওজিং তা নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ১০ হাজার লোকের জাপান বিরোধী প্রতিবাদ সমাবেশ হওয়ার মূল ইস্যু ছিল-যুদ্ধকালীন সময়ে জাপানীদের বর্বরতা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তাদের স্থায়ী আসন লাভের প্রচেষ্টা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

লি পাল্টা অভিযোগ করে বলেন, জাপানের বেশ কয়েকটি বিষয় চীনাদের অনুভূতিতে প্রচন্ডভাবে নাড়া দিয়েছে। বিশেষ করে প্রতিপক্ষ তাইওয়ানের সাথে সর্ম্পকোন্নয়ন এবং জাপানী পাঠ্য বইয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদের অপকর্ম চেপে যাওয়া।

চীন সফররত জাপানী পররাষ্ট্র মন্ত্রী মাচিমোরা  সাংহাইয়ে ছড়িয়ে পড়া সহিংসতা থেকে জাপানী দূতাবাস এবং নাগরিকদের নিরাপত্তা দাবী করেছিলেন। তার অভিযোগ, জানালা ভাঙ্গা এবং রেস্টুরেন্ট ও গাড়ীর ক্ষতিসাধন করতে দাঙ্গাকারীদের সহায়তা করেছিল পুলিশ। তিনি বলেন, “ আর্ন্তজাতিক রীতিনীতি অনুযায়ী চীন আন্তরিকভাবে ব্যাপারটি দেখবে এটাই প্রত্যাশিত ছিল।”    

 পর্যবেক্ষকদের মতে, জাপান এবং চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সর্ম্পক কয়েক যুগের মধ্যে এখন সবচেয়ে খারাপ অবস্থায় আছে। জাপানের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য লাভের বিরুদ্ধে চীনাদের প্রথমদিকে বিক্ষোভ সমাবেশের সুযোগ করে দিয়েছে সেদেশের সরকার। আঞ্চলিক প্রাধান্য বিস্তারে তার সমকক্ষ কেউ হয়ে উঠুক কিংবা নিরাপত্তা পরিষদে এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে তার মর্যাদা অক্ষুণœ থাকুক এবং প্রতিপক্ষ হিসেবে কেউ মাথাচাড়া দিয়ে না উঠুক এটাই হয়তো চীনের একান্ত কামনা।

চীনাদের অভিযোগ, ১৯৩৭-১৯৩৮ সালে চীনের নানজিং শহরে জাপানী সেনাবাহিনী যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল এবং নিদেনপক্ষে ৫০ হাজার থেকে ৩ লাখ সাধারণ নাগরিককে হত্যা করেছিল তাকে তাদের স্কুলের পাঠ্য পুস্তকে নিছক দুর্ঘটনা হিসেবে চিহিৃত করা হয়েছে। এশিয়া জয় করতে গিয়ে জাপান যে জীবাণু অস্ত্র ব্যবহার এবং লক্ষাধিক নারীর সম্ভ্রম কেড়ে নিয়ে যৌনদাসী হিসেবে নির্যাতন করেছে তা বেমালুম চেপে গেছে।

টোকিও বলছে, স্কুলের এই পাঠ্য পুস্তক সরকার ছাপায়নি। একটি প্রাইভেট কোম্পানী বইটি ছাপিয়েছে। জেলা স্কুলগুলো স্বতন্ত্রভাবে পাঠ্য বই বাছাই করে থাকে। মাত্র ১৮টি স্কুল এই বই পাঠ্য করেছে।