জেলে বসে কুর্দিদের উত্থান দেখতে হলো সাদ্দামকে
ইরাকে নির্বাচনের দুই মাস পাড় হওয়ার সাথে সাথেই বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতারা ইরাকের রাজনীতিতে নতুন মেরুকরণের সূচনা করেছেন। কুর্দী নেতাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হল। নতুন প্রেসিডেন্ট জাতিগত বৈষম্য ভুলে ঐক্য স্থাপনের ওপর জোর দেবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন। ওদিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বন্দিদশায় শুধুই চেয়ে চেয়ে দেখলেন এই পরিবর্তন। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।
গত ৫০ বছরের এই প্রথম ইরাকে একটি ‘নির্বাচিত গনতান্ত্রিক’ সরকার গঠিত হচ্ছে।
বৃহস্পতিবার ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে একজন বিখ্যাত শিয়া নেতার নাম প্রস্তাব করা হতে পারে বলে আশা করা যাচ্ছে। এর মধ্য দিয়ে ইরাকে মন্ত্রিসভা গঠনের পথ উন্মুক্ত হলো। কুর্দি নেতা জালাল তালাবানিকে প্রেসিডেন্ট পদে মনোনীত হয়েছেন। শিয়া নেতা আদেল আব্দুল মাহদী এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট গাজী আল ইয়ারকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।
৭১ বছর বয়সী জালাল তালাবানি প্রেসিডেন্ট পদে মনোনীত হবার পর ইরাকি জনগণকে একটি স্বাধীন ও সহিংসতামুক্ত ইরাক গঠনে সকলকে একসাথে কাজ করার আহবান জানিয়েছেন। তিনি সুন্নি সম্প্রদায়ের বিদ্রোহীদেরকে নতুন সরকারের সাথে আলোচনায় বসার প্রস্তাব দেন।
প্রেসিডেন্ট জর্জ বুশ বুধবারের অধিবেশনকে ‘ইরাকের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরো একধাপ অগ্রগতি’ বলে মন্তব্য করেন।
জর্জ বুশ এক বিবৃতিতে বলেন,“ ইরাকি জনগণ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবে ।”
তিনি বিবৃতিতে আরও বলেন,“ ইরাকের এই ঐতিহাসিক দিনে আমরা সকলকে স্বাগত জানাই এবং নতুন সরকারের সাথে ভবিষ্যতে একসাথে কাজ করার ব্যাপারে আমাদের প্রতিশ্র“তি অব্যাহত থাকবে। ”
ইরাকের অন্তর্বর্তীকালীন সরকারের মানবাধিকার মন্ত্রী বখতিয়ার আমিন বলেন, জেলখানায় বুধবারের অধিবেশন সাদ্দাম হোসেন এবং তার ১১ সহযোগীকে দেখানো হয়েছে। আমিন আরও বলেন,“ আমি ভাবছি যে সাদ্দাম এতে মর্মাহত হবেন। সাদ্দাম অবশ্যই অনুধাবন করতে পারবেন যে, তার সরকারের সমাপ্তি ঘটেছে এবং পুনরায় তার ক্ষমতায় যাবার কোন সম্ভাবনা নেই। ”
ইরাকের নতুন প্রেসিডেন্ট এবং দু’জন ভাইস-প্রেসিডেন্ট বৃহস্পতিবার শপথ নিচ্ছেন। প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টরাই নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন।
