রোমে পুন্যার্র্থীদের ঢল
প্রয়াত পোপ জন পলের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রোমে পুন্যার্থীদের ঢল নেমেছে। কর্ত্তৃপক্ষ এ স্রোত থামাতে হিমশিম খাচ্ছে। সামাল দিতে না পেরে তীর্থযাত্রীদের শহরের কেন্দ্রস্থল থেকে দূরে থাকার জন্য বারবার আহবান জানানো হচ্ছে। এখনও ১০ লাখ লোক চিরশায়িত পোপকে দেখার জন্য লাইন ধরে আছেন। শুক্রবার অন্ত্যোষ্টি ক্রিয়ায় যোগ দিতে আসা ব্যক্তিদের সুযোগ করে দেয়ার জন্য দর্শনার্থাীদের কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন ছেটে ফেলতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।
রোমের জনসংখ্যা ৩০ লাখ। কিন্ত শনিবার থেকে প্রায় ৪০ লাখ দর্শনার্থীর আগমন ঘটেছে দ্বিতীয় পোপ জন পলকে শেষ দেখার জন্য। এ এক অভূতপূর্ব দৃশ্য! দর্শনার্থীদের ঢল ক্রমেই বাড়ছে। আর এতে হতভম্ব^ হয়ে পড়েছে রোম কর্তৃপক্ষ। পোপের জন্মস্থান পোলান্ড থেকেই প্রায় ২০ লাখ অনুসারীর আগমন ঘটেছে।
ইতালীর নিরপাত্তা কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেছেন, রোম নগরী এখন দর্শণার্থীদের ভীড়ে অচল হয়ে পড়ছে। আর কোন ভার নেয়ার সুযোগ নেই। বৃহস্পতিবার যারা আসবেন তারা কোনমতেই শেষকৃত্য অনুষ্ঠানে সামিল হতে পারবে না। যারা শহরের উপকন্ঠে তাবু গেড়ে আছেন তাদেরকে চির বিদায়ী অনুষ্ঠান ভিডিও ডিসপ্লে স্ক্রিনে দেখার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা কমিশনার।
অনেক বিদেশী রাষ্ট্রপ্রধানের আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং রোম শহরের উপর দিয়ে বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
শুক্রবারের শেষকৃত্য অনুষ্ঠানের জন্য সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জার ফটক বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধ করে দেয়া হবে। এ অনুষ্ঠানে যোগ দিতে বিদেশী রাষ্ট্রনায়কদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ সর্বপ্রথম রোম আসছেন। তার সাথে থাকছেন স্ত্রী লরা, তার পিতা সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব কন্ডোলিসা রাইস।
অন্ত্যোষ্টি ক্রিয়ায় শীর্ষস্থানীয় অংশগ্রহনকারীদের মধ্যে রয়েছেন জাতিসংঘের মহাসচিব কোফি আনান, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামী, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্যা সিলভা, প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী আহমেদ কুরেই, ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাক, তাইওয়ানের প্রেসিডেন্ট চেন সুই-বিয়ান, কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফ কাবিলা, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল ব্যারোস প্রমুখ।
